পানিহাটিতে অভয়ার মায়ের মাথায় হাত মোদির, ‘৪ মে-র পর সব ফাইল খুলবে’ঃমোদি

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 h ago
মঞ্চে অভয়ার মায়ের পাশে প্রধানমন্ত্রী মোদি
মঞ্চে অভয়ার মায়ের পাশে প্রধানমন্ত্রী মোদি
 
পানিহাটি,কলকাতাঃ

পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সভামঞ্চ থেকে তাঁর হাত ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মোদি। পাশাপাশি ফের আর জি কর ইস্যুতে তৃণমূলকে বিঁধে বলেন, “এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।” পাশাপাশি ক্ষমতায় আসলে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতন মামলার সব ফাইল ফের খোলা হবে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

সোদপুরের পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করছে আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। আজ, শুক্রবার অমরাবতী মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী মোদি। মঞ্চে হাজির রত্নাও। সভার শুরুতেই পানিহাটির প্রার্থীর হাত ধরে তাঁকে ভোট দেওয়ার অনুরোধ করেন মোদি। তারপর আর জি কর ইস্যু নিয়ে ফের তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলেন, “তৃণমূলের জঙ্গলরাজ মেয়েকে ছিনিয়ে নিয়েছে। তাঁর মাকে প্রার্থী করেছে বিজেপি।”
 
শাসকদলকে ফের মহিলা বিরোধী বলে আক্রমণ করে বলেন, “তৃণমূল নারীবিরোধী। এবারের নির্বাচনে বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখবে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ মের পর অত্যাচারের সমস্ত ফাইল খুলবে। এটা মোদির গ্যারান্টি।”