বিধায়ক রেখা পাত্রকে ‘মুর্খ’ বলে বিস্ফোরক অভিযোগ আনলেন কেশবানন্দ মহারাজ! বিলাসবহুল ‘গেস্ট হাউজ’ দখল নিয়ে নালিশ মুখ্যমন্ত্রীর কাছে

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
বিধায়ক রেখা পাত্রকে ‘মুর্খ’ বলে বিস্ফোরক অভিযোগ আনলেন কেশবানন্দ মহারাজ! বিলাসবহুল ‘গেস্ট হাউজ’ দখল নিয়ে নালিশ মুখ্যমন্ত্রীর কাছে
বিধায়ক রেখা পাত্রকে ‘মুর্খ’ বলে বিস্ফোরক অভিযোগ আনলেন কেশবানন্দ মহারাজ! বিলাসবহুল ‘গেস্ট হাউজ’ দখল নিয়ে নালিশ মুখ্যমন্ত্রীর কাছে

তরুণ নন্দী, কলকাতাঃ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে বিজেপির এক পুরোনো কর্মী রেখা পাত্রের বিরুদ্ধে ‘গেস্ট হাউজ’ দখলের নালিশ জানালেন। অনৈতিক কাজের অভিযোগে এবার কাঠগড়ায় খোদ বিজেপি বিধায়ক। অভিযোগ উঠেছে, রাজ্যে সদ্য শেষ হওয়া  বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের সুবিধার কারণে নেবুখালিতে ভাড়া নেওয়া হয়েছিল আস্ত এক বিলাসবহুল গেস্ট হাউস। কিন্তু বাস্তবটা দাঁড়াল অন্যরকম। অভিযোগ, নির্বাচন মিটতেই চিত্রটা পুরোপুরি পালটে গেছে। গেস্ট হাউজের মালিকের দাবি, ভাড়ার টাকা তো মেটানো হলই না, উলটে কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন খোদ হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র। আর উপায় না দেখে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবারে' উপস্থিত হয়ে এই বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তপন শিকদারের আমল থেকে বিজেপি করা এক কর্মী।
 

অভিযোগকারী স্বামী কেশবানন্দ মহারাজ, যিনি আনন্দ মহারাজ নামেও পরিচিত। এই মহারাজ নিজেকে তপন শিকদারের আমল থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী বলে দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অভিযোগ, হিঙ্গলগঞ্জের লেবুখালিতে তাঁর তিনতলা বিশাল প্যালেস রয়েছে চার বিঘে জমির ওপর। যে গেস্ট হাউজের নাম ‘কেশবানন্দ প্যালেস’। চলতি ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসে ওই বাড়ির ১২টি ঘর ভাড়া নেন রেখা পাত্র প্রচারের সুবিধে পাওয়ার জন্য। এই গেস্ট হাউজে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন বলে খবর। অভিযোগ, প্রথম মার্চ ও এপ্রিলের ভাড়া মেটানো হলেও, গত তিন মাস ধরে আর বিধায়কের তরফ থেকে ভাড়া বাবদ কোন টাকা দেওয়া হয়নি।
 
ক্ষুব্ধ মহারাজের দাবি, রেখা পাত্র আমার জমি ও বাড়ি দুটোই দখল করে রেখেছেন। বাড়িটা ১ কোটি ২৫ লক্ষ টাকায় কেনার কথা ছিল, কিন্তু এখন তো সম্পত্তি তিনি কিনছেনও না, বকেয়া ভাড়াও দিচ্ছেন না। উলটে বকেয়া টাকা চাইতে গেলে বিভিন্ন সময়ে জুটছে দুর্ব্যবহার ও অশ্লীল গালিগালাজ। তাই উপায় না দেখে তিনি নিজের সম্পত্তি ফিরে পেতে শেষমেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন। 'জনতার দরবারে' লিখিত আবেদন জানিয়ে তিনি তাঁর গেস্ট হাউসটি দ্রুত দখলমুক্ত করার আর্জি জানিয়েছেন। বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে খোদ দলীয় কর্মীর এমন অভিযোগ জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
 
তবে এই বিতর্ক ঝড় তোলার আগেই মুখ খুলেছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই পাল্টা দোষারোপ করলেন তিনিও। কেশবানন্দ মহারাজের যাবতীয় অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়ে রেখা পাত্র বলেন,  উনি নিজেই বেআইনিভাবে জমি দখল করে ওই গেস্ট হাউস বানিয়েছেন। ওখানে বসে চূড়ান্ত নোংরামি করতেন। আমরা গিয়ে সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে দিয়েছি, আর সাধারণ মানুষও সেটা খুব ভালোমতোই বুঝতে পেরেছেন। টানা তিন মাস ভাড়া না দেওয়ার প্রসঙ্গে বিধায়কের সাফাই,  কোন কারণে আমার পা ভেঙে যাওয়ায় আমি গত একমাস ধরে একপ্রকার গৃহবন্দি অবস্থায় থাকতে হয়েছে, সেই কারণে ঠিকমতো যোগাযোগ করতে পারিনি।
 
সব মিলিয়ে হিঙ্গলগঞ্জের এই জমি-বাড়ি বিতর্ক এখন সোস্যাল মিডিয়ার দৌলতে জানাজানি হতেই চর্চা চলছে সর্বত্র। মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছানো এই অভিযোগে শেষমেশ কী পদক্ষেপ করা হয়, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।


শেহতীয়া খবৰ