গুয়াহাটিঃ
রবিবার ৫৭ বছরে পা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।দিনের শুরুতে মুখ্যমন্ত্রী গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দেন।
এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন,“অসমের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মজিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে অসম বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জনগণের সেবায় তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।”
প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন,“অসমের প্রতি আপনার নিষ্ঠা রাজ্যকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা একসময় কল্পনাতীত ছিল। আমরা এই গতি বজায় রেখে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে মানুষের সেবা করে যাব।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রীকে সুস্বাস্থ্য ও জনসেবায় নিরবচ্ছিন্ন শক্তি কামনা করে শুভেচ্ছা জানান।
তিনি বলেন,“অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। উন্নত, শান্তিপূর্ণ ও নিরাপদ অসম গড়ার জন্য মোদি জির স্বপ্ন বাস্তবায়নে আপনার অক্লান্ত পরিশ্রম প্রশংসনীয়।”
শাহের শুভেচ্ছা ও ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“অসমের উন্নয়নের জন্য আপনার দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। আদরণীয় @narendramodi জির নেতৃত্বে আরও বেশি নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে রাজ্যের সেবা করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
হিমন্ত বিশ্ব শর্মার পূর্বসূরি ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তিনি বলেন,“আপনার দৃঢ় নেতৃত্বে আমাদের রাজ্য উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। মা কামাখ্যা আপনাকে আগামী বছরে সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও অপরিসীম শক্তি দান করুন।”
বিজেপি সভাপতি নীতিন নবীনও মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তিনি এক্স-এ লেখেন,“মা কামাখ্যা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অসমের মানুষের সেবায় অবিরাম শক্তি দান করুন।”
দিনের কর্মসূচি হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ালপাড়া জেলায় ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযান’ (MMUA) প্রকল্পের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি দরং জেলায় বীর চিলারায় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন এবং গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।