কলকাতা
শীত নামলে শুধু তাপমাত্রাই কমে না, বদলে যায় আমাদের চুলের মেজাজও। ভেজা কুয়াশা, শুষ্ক হাওয়া আর অতিরিক্ত দূষণের ফলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা, ভেঙে যায়, ফ্রিজি হয়ে ওঠে। বাজারের দামি কন্ডিশনার, সিরাম বা চুলের স্পা, কোনও কিছুরই প্রভাব টেকসই মনে হয় না। ফলে আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপই সঙ্গী হয় বহু মানুষের।
কিন্তু সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, সমস্যার সমাধান হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে, এক চামচ ঘিতে।
ঘি: চুলের জন্য পুষ্টির ভাণ্ডার
বিশেষজ্ঞদের মতে, বিশুদ্ধ ঘিতে রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন–এ ও ই। এই উপাদানগুলি চুলের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শীতকালে শ্যাম্পুতে থাকা সালফেট, জলের ক্ষার বা পরিবেশের শুষ্কতা চুলের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। চুল প্রাণহীন হয়ে পড়ে, জৌলুস হারায়। ঘি এই ক্ষতিটুকু পূরণ করে চুলকে ফিরিয়ে দেয় স্বাভাবিক কোমলতা।
ফ্রিজ–নিয়ন্ত্রণে ঘির ভূমিকা
শীতের অতিরিক্ত শুষ্কতায় যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায়, তা হলো ফ্রিজ, চুলের কুচকানো, উড়ে যাওয়া ভাব। ঘি চুলের কিউটিকল বন্ধ করে আর্দ্রতা আটকে রাখে, ফলে চুল নরম ও মসৃণ দেখায়।এছাড়াও; অতিবেগুনি রশ্মি ও দূষণে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে, ডগা ফাটার সমস্যা কমায়, রুক্ষ চুলে নতুন প্রাণ এনে দেয়, চুল ভেঙে যাওয়া বা পাতলা হওয়ার প্রবণতা কমায়।
ব্যবহারের ধাপ ও সতর্কতা
অনেকেই ভুল করে সারা রাত চুলে ঘি মেখে রাখেন। এতে ধুলোবালি জমে উলটে সমস্যা বাড়তে পারে।বিশেষজ্ঞরা যে পদ্ধতি মানতে বলছেন,
১. সরাসরি ব্যবহার: স্নানের অন্তত ৩০–৪০ মিনিট আগে হালকা গরম ঘি চুলে ও মাথার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন।
২. ঘি–নারকেল তেলের যৌথ যত্ন: নারকেল তেলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে মেখে নিলে চুল হয় আরও নরম ও মসৃণ। ফ্রিজ কমায় দ্রুত।
৩. খুশকির জন্য বিশেষ মিশ্রণ: লেবুর রস + আমন্ড অয়েল + ঘি, এই মিশ্রণ মাথার ত্বকে লাগালে শুষ্কতা কমে এবং খুশকির সমস্যা নিয়ন্ত্রণে আসে।
৪. অ্যালোভেরা–ঘি পুনরুজ্জীবনী প্যাক: অতিরিক্ত রুক্ষ চুলের জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে ঘি মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
ফল পেতে কতটা সময় লাগবে?
বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন নিয়ম মেনে ঘি ব্যবহার করলে এক মাসের মধ্যেই চুলে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। চুল হয় নরম, চকচকে, কমে ফ্রিজ, মাথার ত্বকও থাকে পুষ্ট।
পুরনো টোটকার নতুন প্রত্যাবর্তন
বাজার উজাড় করে কেনা সেরাম, মাস্ক বা কেরাটিন চিকিত্সাও অনেক সময় চুলের ধরন অনুযায়ী কাজ করে না। এমন পরিস্থিতিতে পুরনো ঘরোয়া উপায়, ঘি, নতুন করে ফিরছে সৌন্দর্য চর্চার মূলধারায়। মোট কথা, শীতে চুলের যত্নে ঘি হতে পারে এক সাশ্রয়ী, প্রাকৃতিক ও নিরাপদ সমাধান।