মোদি সরকারের ১২ বছর: বাংলাজুড়ে জনসংযোগ ও জনকল্যাণ কর্মসূচিতে বিজেপি

Story by  atv | Posted by  Aparna Das • 4 h ago
মোদি সরকারের ১২ বছর: বাংলাজুড়ে জনসংযোগ ও জনকল্যাণ কর্মসূচিতে বিজেপি
মোদি সরকারের ১২ বছর: বাংলাজুড়ে জনসংযোগ ও জনকল্যাণ কর্মসূচিতে বিজেপি
 
কলকাতা

কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গেও ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত একাধিক জনসংযোগ, জনকল্যাণ ও সাংগঠনিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। রাজ্যে বিজেপি এখন ক্ষমতায় থাকায় এবারের উদযাপন আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রস্তুতি নিয়েছে দল।
 
দলীয় সূত্রে জানা গিয়েছে, মোদি সরকারের ১২ বছরের উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই রাজ্যের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বকে সরাসরি জনসংযোগ অভিযানে নামানো হচ্ছে। এই বিশেষ কর্মসূচির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।
 
ইতিমধ্যেই বিভিন্ন সাংগঠনিক জেলায় দলের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে ‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের বারো বছর’ শীর্ষক বিশেষ জনসংযোগ অভিযানের রূপরেখা তুলে ধরা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা এলাকায় অন্তত একদিন করে অবস্থান করতে হবে। একইভাবে বিধায়কদেরও প্রতিটি মণ্ডলে একদিন করে প্রবাস কর্মসূচি পালন করতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত ৫০০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কর্মসূচির অংশগ্রহণকারীদের অপ্রয়োজনীয় গাড়ির কনভয় এড়িয়ে কারপুলিং, গণপরিবহণ ব্যবহার এবং দেশীয় ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে বিশেষ জনসংযোগ অভিযান। এই কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রী, জাতীয় ও প্রদেশ স্তরের পদাধিকারীরা। পাশাপাশি থাকবে বৃক্ষরোপণ অভিযান, স্বচ্ছতা অভিযান এবং ‘প্রগতি পথ যাত্রা’। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলি পরিদর্শন করা হবে। জেলা স্তরে আয়োজন করা হবে ‘বিকশিত ভারত সংকল্প সম্মেলন’-ও।
 
মোদি সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরতে প্রতিটি জেলায় তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রদর্শনী কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে থাকবেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং তনুজা চক্রবর্তী।
 
এছাড়া ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে ‘জনকল্যাণ শিবির’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বিশেষ নিবন্ধন শিবির চালু করা হবে। দলীয় সংগঠন যোগ্য উপভোক্তাদের শিবিরে নিয়ে আসার ক্ষেত্রে সহায়তা করবে। এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন শাখারভ সরকার এবং অভিজিৎ বিশ্বাস।
 
একইসঙ্গে প্রতিটি জেলায় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের নিয়ে ‘প্রবুদ্ধ সম্মেলন’-এর আয়োজন করা হবে। বিশ্ব পরিবেশ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেও পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যজুড়ে সাংগঠনিক স্তরে এই কর্মসূচিগুলির প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
 
দলীয় নেতৃত্বের দাবি, গত ১২ বছরে কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং জনকল্যাণমূলক প্রকল্প দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সাফল্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জুন মাসজুড়ে রাজ্যজুড়ে নিবিড় প্রচারাভিযান চালাবে বিজেপি।