বিধানসভায় ২৮ খণ্ডের সিএজি রিপোর্ট, ৮ লক্ষ কোটির ঋণ নিয়ে সরব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
বিধানসভায় ২৮ খণ্ডের সিএজি রিপোর্ট, ৮ লক্ষ কোটির ঋণ নিয়ে সরব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
বিধানসভায় ২৮ খণ্ডের সিএজি রিপোর্ট, ৮ লক্ষ কোটির ঋণ নিয়ে সরব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
 
কলকাতা

দীর্ঘদিনের বিরতির অবসান ঘটিয়ে শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতের মহাহিসাব নিরীক্ষক (সিএজি)-এর ২৮ খণ্ডের রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, বিগত কয়েক বছরে অজ্ঞাত কারণে এই রিপোর্টগুলি বিধানসভায় উপস্থাপন করা হয়নি, যা তিনি সাংবিধানিক দায়িত্ব পালনে একটি গুরুতর ত্রুটি বলে উল্লেখ করেন।
 
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতে সিএজি রিপোর্ট পেশ না হওয়ায় রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রকৃত চিত্র সামনে আসেনি। সেই সাংবিধানিক ঘাটতি দূর করতেই এবার একসঙ্গে ২৮ খণ্ডের রিপোর্ট বিধানসভার টেবিলে রাখা হয়েছে।
 
তাঁর দাবি, এই রিপোর্টগুলি খতিয়ে দেখলে পশ্চিমবঙ্গের ৮ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের নেপথ্যের কারণ স্পষ্ট হয়ে উঠবে। তাই সমস্ত বিধায়কদের রিপোর্টগুলি মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
 
অর্থমন্ত্রী আরও জানান, সিএজি রিপোর্টের পর্যবেক্ষণ এবং তাতে উল্লিখিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে ভবিষ্যতে বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, এই রিপোর্টের মাধ্যমে সরকারের ত্রুটি-বিচ্যুতিও জনগণের সামনে তুলে ধরা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
 
রাজ্যের আর্থিক অবস্থার মূল্যায়ন এবং অতীতের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতা আনতেই সিএজি রিপোর্টের উপর বিস্তৃত আলোচনা জরুরি বলে মনে করছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিধানসভায় ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।