কালীপুজো ও বিসর্জন ঘিরে কলকাতায় একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ, ৮ থেকে ১১ নভেম্বর বিশেষ ট্রাফিক বিধি
কলকাতা:
কালীপুজো ও পরবর্তী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কলকাতা শহরে একাধিক রাস্তায় যান চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ জারি করতে চলেছে কলকাতা পুলিশ। রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ, পার্কিং এবং যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রে একাধিক বিধি কার্যকর থাকবে।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী যান চলাচল করতে পারবে না।
এছাড়া ৮ নভেম্বর বিকেল ৪টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত মধ্য কলকাতার ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে। এই তালিকায় রয়েছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রাসবিহারী অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট এবং লেনিন সরণি। এই সময়ে বাসগুলিকে রাসবিহারী অ্যাভিনিউ ও এপিসি রায় রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
একই সময়ে কলেজ স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড এবং প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ মোট ২৪টি রাস্তায় পার্কিং, যাত্রী ওঠানো-নামানো এবং পণ্য ওঠানো-নামানো নিষিদ্ধ থাকবে।
কালীপুজোর সময় কালীঘাট মন্দিরে বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮ নভেম্বর সকাল ৫টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৫টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত কালীঘাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সদানন্দ রোড ও হাজরা রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
অন্যদিকে, ৯, ১০ ও ১১ নভেম্বর পণ্যবাহী যান চলাচলের উপরেও নিষেধাজ্ঞা থাকবে। এই তিন দিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল করতে পারবে না।
প্রতিমা বিসর্জন উপলক্ষে শহরের ৪৩টি রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হবে। বেডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড এবং কালীঘাট রোড রয়েছে এই তালিকায়। ৯, ১০ ও ১১ নভেম্বর বিকেল ৪টে থেকে রাত ৩টে পর্যন্ত প্রতিমা বিসর্জনের কাজে যুক্ত নয়, এমন যানবাহনগুলিকে সংশ্লিষ্ট রাস্তা থেকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।
এছাড়া প্রতিমা বিসর্জনের গাড়িগুলিকে এজেসি বোস রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, মা উড়ালপুল, এজেসি বোস ফ্লাইওভার এবং কালীঘাট ব্রিজ ব্যবহার করতে দেওয়া হবে না।
কলকাতা পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, কালীপুজো ও বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ মোড় এবং সংবেদনশীল এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। যাত্রীদের ট্রাফিক নির্দেশিকা ও বিকল্প রাস্তা মেনে চলার আবেদন জানানো হয়েছে।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি, অক্সিজেন ও ওষুধ বহনকারী যান, অত্যাবশ্যকীয় খাদ্য সরবরাহকারী গাড়ি, কলকাতা পুরসভার যান এবং সংবাদমাধ্যমের গাড়ি চলাচলের অনুমতি থাকবে।