কালিম্পংয়ের চালতা ফরেস্টে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
কালিম্পংয়ের চালতা ফরেস্টে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা
কালিম্পংয়ের চালতা ফরেস্টে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা
 
তপন রায়,কালিম্পং

 কালিম্পং জেলার চালতা ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে উদ্বেগ। জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পুড়ে যাচ্ছে একের পর এক ছোট-বড় গাছ। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালতা ফরেস্ট এলাকার শুকনো কাশিয়ার গাছে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বৃহত্তর জঙ্গলে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, জঙ্গলের পাশেই রয়েছে পাহাড়। আগুনের শিখা পাহাড়ের জঙ্গলে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। পাশাপাশি চালতা ফরেস্টে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরও দেখা মেলে। আগুনের কারণে তাদের স্বাভাবিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণ বাঁচাতে বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসন ও বনদপ্তরের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হোক। পাশাপাশি কারা এই আগুন লাগিয়েছে, তা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় এখনই দ্রুত পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে।