ন্যায়, অধিকার ও প্রতিনিধিত্বের দাবিতে কুকি–জো সম্প্রদায়ের টোটাল শাটডাউন

Story by  atv | Posted by  Aparna Das • 1 Months ago
ন্যায়, অধিকার ও প্রতিনিধিত্বের দাবিতে কুকি–জো সম্প্রদায়ের টোটাল শাটডাউন
ন্যায়, অধিকার ও প্রতিনিধিত্বের দাবিতে কুকি–জো সম্প্রদায়ের টোটাল শাটডাউন
 
কুকি হিলস / আউটার মণিপুর

কুকি-জো জনগোষ্ঠীর সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত জয়েন্ট ফোরাম অব সেভেন (JF7) মণিপুরের কুকি-জো অধ্যুষিত সমস্ত এলাকায় ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণার আহ্বান জানিয়েছে।
 
এই বন্ধ ডাকা হয়েছে কয়েকজন কুকি-জো বিধায়কের নতুন মণিপুর সরকার গঠনের অনুষ্ঠানে অংশগ্রহণের প্রতিবাদে। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা কুকি জনগোষ্ঠীর বহু বছরের সাংবিধানিক ও রাজনৈতিক দাবি, SA/UT সহ আইনসভাবিশিষ্ট প্রশাসনিক কাঠামো, অগ্রাধিকার না দিয়ে প্রথমে সরকার গঠনের প্রশ্নে মনোযোগ দিয়েছে।
 
JF7-এর দাবি, গত কয়েক বছরে সহিংসতা, গণবিচ্ছিন্নতা, জমি থেকে উচ্ছেদ, এবং নিরাপত্তাহীনতার বোঝা বহন করে কুকি-জো জনগোষ্ঠী আজও ন্যায়বিচার ও সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত। এর ফলে ভারতের সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছিদে বর্ণিত সমতা, জীবন ও মর্যাদার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
 
ফোরামের বিবৃতিতে বলা হয়েছে, এই সর্বাত্মক বন্ধ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রতিবাদ, যা সংবিধানের ১৯(১)(a), ১৯(১)(b), ১৯(১)(c)-এ বর্ণিত মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘটনের অধিকারের ভিত্তিতে পালিত হবে।
 
JF7 সমস্ত কুকি-জো সামাজিক সংগঠন, গণসংস্থা, গ্রামের প্রধান, যুবক্লাব, এনজিও এবং সাধারণ বাসিন্দাদের ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
 
স্থানীয় বার্তায় আরও জানানো হয়, কুকি-জো সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার সুরক্ষায় যদি কেন্দ্রীয় সরকার উদ্যোগ না নেয় এবং জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হয়, তাহলে প্রতিবাদ অব্যাহত থাকবে। মানুষের ঘরবাড়ি হারানো, নিরাপত্তাহীন জীবনযাপন, এবং গ্রাম-এলাকার সামাজিক ভাঙন,সবকিছুর মধ্যেও কুকি-জো জনগণ শান্তিপূর্ণ উপায়ে দাবি জানিয়ে যাবে বলে ফোরাম স্পষ্ট করেছে।
 
সমাজের প্রতিটি স্তরকে দায়িত্বশীলভাবে এই বন্ধ পালন করতে অনুরোধ জানানো হয়েছে।