কার্গিলের শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, দ্রাস যুদ্ধস্মারকে রাজনাথ সিংহের পুষ্পার্ঘ্য নিবেদন

Story by  atv | Posted by  Aparna Das • 3 h ago
কার্গিলের শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, দ্রাস যুদ্ধস্মারকে রাজনাথ সিংহের পুষ্পার্ঘ্য নিবেদন
কার্গিলের শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, দ্রাস যুদ্ধস্মারকে রাজনাথ সিংহের পুষ্পার্ঘ্য নিবেদন
 
দ্রাস (লাদাখ)

কার্গিল বিজয়ের ২৭তম বার্ষিকীতে রবিবার লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধস্মারকে দেশের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, উত্তর কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এবং সেনাবাহিনীর একাধিক শীর্ষ আধিকারিক।
 
রবিবার সকালে উজ্জ্বল রোদে ভরা দ্রাস উপত্যকায় আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। একে একে যুদ্ধস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে কার্গিল যুদ্ধে প্রাণ উৎসর্গ করা সেনাদের স্মরণ করেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টারের ফ্লাইপাস্ট। একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের নেতৃত্বে তিরের ফলার (Arrowhead) বিন্যাসে উড়ে আসা দুটি চিতল হেলিকপ্টার যুদ্ধস্মারকের উপর থেকে ফুলের পাপড়ি বর্ষণ করে শহিদদের প্রতি সম্মান জানায়।
শনিবারই দ্রাসে পৌঁছেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি কার্গিল যুদ্ধস্মারকে আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলি সমারোহ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তার আগের সন্ধ্যায় বৃষ্টিভেজা পরিবেশে ভারতীয় সেনাবাহিনী আয়োজন করে ‘শৌর্য সন্ধ্যা’। ১৯৯৯ সালের ‘অপারেশন বিজয়’-এ ভারতীয় সেনাদের অসীম সাহস, আত্মত্যাগ এবং বীরত্বকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিংহও।
 
অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া সেনাদের কয়েকজন পরিবারের সদস্যের হাতে প্রতীকী ‘কলশ’ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী। সেই আবেগঘন মুহূর্তে শহিদ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত সেনাকর্মীদের চোখেও ধরা পড়ে গর্ব ও স্মৃতির মিশেল।
কার্গিল বিজয়ের ২৭ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী দ্রাসে একাধিক স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৯৯ সালে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনার সীমিত যুদ্ধের নাম ছিল ‘অপারেশন বিজয়’। তুষারাবৃত দুর্গম পাহাড়, প্রতিকূল আবহাওয়া এবং লাগাতার শত্রু গোলাবর্ষণের মধ্যেও অসীম সাহসের পরিচয় দিয়ে কার্গিলের গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি পুনর্দখল করেছিলেন ভারতীয় জওয়ানরা।
 
প্রতি বছর ২৬ জুলাই ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে পালিত হয়। এই দিনটি শুধু একটি সামরিক জয়ের স্মারক নয়, বরং দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর সেনাদের আত্মত্যাগ, সাহস এবং অদম্য দেশপ্রেমের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার প্রতীক।