'কথা রাখতে মাসে দু'বার উত্তরবঙ্গে আসব', চা শ্রমিকদের জন্য ৫০০০ টাকা ও ৫০ কেজি চালের মেগা দীপাবলি উপহার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
তপন রায় / শিলিগুড়ি
উত্তরবঙ্গের মানুষের দেওয়া কথা রাখতে এবার থেকে মাসে অন্তত দু’বার করে এই অঞ্চলে সফরে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা করেন। একইসঙ্গে উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকদের জন্য একগুচ্ছ বড়সড় দীপাবলি উপহারের কথাও ঘোষণা করেছেন তিনি।শিলিগুড়ির প্রশাসনিক ভবন 'উত্তরকন্যা'য় আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর চা শ্রমিকদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, উৎসবের মরশুমে রাজ্যের প্রতিটি চা শ্রমিককে দীপাবলির বিশেষ উপহার হিসেবে এককালীন ৫,০০০ টাকা নগদ এবং মাথাপিছু ৫০ কেজি করে চাল দেওয়া হবে। এর আগে শ্রমিকরা রেশন মারফত ৩৫ কেজি চাল পেতেন, যা বাড়িয়ে এবার ৫০ কেজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমগ্র জনকল্যাণমূলক কর্মসূচিটি উত্তরকন্যা থেকেই সরাসরি লঞ্চ করা হবে।
১৮ নভেম্বর আলিপুরদুয়ার কুমার গ্রামে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী ও 'জনজাতি গৌরব দিবস' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ২৪ নভেম্বর কোচবিহারের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক রাস উৎসবের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বন্ধ থাকা চা বাগানগুলি দ্রুত খোলার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন। এই সংক্রান্ত যাবতীয় তদারকি ও বাগান সচল করার মূল দায়িত্ব তিনি অর্পণ করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের ওপর। উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শ্রমিকদের স্বার্থরক্ষায় রাজ্য সরকার যে অত্যন্ত তৎপর, মুখ্যমন্ত্রীর এই জোড়া সফর এবং মেগা ঘোষণায় তা আরও একবার স্পষ্ট হলো।