মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ, রাজ্যে আরও ২৯টি মহিলা থানা তৈরিতে অনুমোদন পশ্চিমবঙ্গ সরকারের

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ, রাজ্যে আরও ২৯টি মহিলা থানা তৈরিতে অনুমোদন পশ্চিমবঙ্গ সরকারের
মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ, রাজ্যে আরও ২৯টি মহিলা থানা তৈরিতে অনুমোদন পশ্চিমবঙ্গ সরকারের
 
কলকাতা: 
 
মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে পশ্চিমবঙ্গে নতুন করে ২৯টি মহিলা থানা তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবটি ঝুলে থাকার পর অবশেষে গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার এক সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি তিনটি করে মহিলা থানা তৈরি হবে। দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় তৈরি হবে দুটি করে থানা।

অন্যদিকে, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে একটি করে মহিলা থানা গড়ে তোলা হবে।

নতুন থানাগুলি চালু হলে রাজ্য পুলিশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। প্রস্তাবিত কর্মী কাঠামো অনুযায়ী, প্রতিটি থানায় থাকবেন একজন ইনস্পেক্টর, ৬ থেকে ৭ জন সাব-ইনস্পেক্টর, ৮ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং ২০ জন মহিলা কনস্টেবল।

চলতি বছরের রাজ্য বাজেটেও জানানো হয়েছিল, বর্তমান অর্থবর্ষের মধ্যেই প্রতিটি মহকুমায় মহিলা থানা তৈরি করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে আসানসোলে রাজ্যের প্রথম মহিলা থানা চালু হয়েছিল। এরপর ধাপে ধাপে রাজ্যে মহিলা থানার সংখ্যা বেড়ে ৪০-এ পৌঁছেছে।

২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্য পুলিশ ১৬টি মহকুমায় আরও ২০টি মহিলা থানা তৈরির প্রস্তাব জমা দিয়েছিল। তবে দীর্ঘদিন ধরে তা কার্যকর হয়নি। অবশেষে নতুন ২৯টি থানার অনুমোদনের ফলে রাজ্যে মহিলা থানার নেটওয়ার্ক আরও বিস্তৃত হতে চলেছে।

বর্তমানে রাজ্যের মহিলা থানাগুলিতে সাধারণত তিনজন সাব-ইনস্পেক্টর, পাঁচজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং ১০ জন মহিলা কনস্টেবল কর্মরত থাকেন।



অধিক পঢ়ক

শেহতীয়া খবৰ