আরজি কর কাণ্ডে নতুন তদন্তে আশার আলো তামান্নার মায়ের, “এবার হয়তো আমার মেয়েও বিচার পাবে”
কলকাতা
রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক সংস্কারের পথে হাঁটতে শুরু করেছে নতুন সরকার। তবে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণাই সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। আরজি করের বহুল আলোচিত ‘অভয়া কাণ্ড’-এর ফাইল নতুন করে খুলে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার সময় দায়িত্বে থাকা কলকাতা পুলিশের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে অভয়ার পরিবার। পাশাপাশি নতুন আশার আলো দেখছেন কালীগঞ্জের ৯ বছরের নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনও। তাঁর কথায়, “সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। আশা করি, এবার আমার মেয়েও সুবিচার পাবে।”
২০২৫ সালের কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল ঘিরে বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও, তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামান্নার পরিবার। সাবিনা ইয়াসমিনের অভিযোগ ছিল, প্রকৃত দোষীরা অধরাই থেকে গিয়েছে।
পরবর্তীতে সঠিক তদন্তের দাবিতে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন। রাজনৈতিকভাবেও বিষয়টি গুরুত্ব পায়, কারণ সাবিনার পরিবার দীর্ঘদিন সিপিএম সমর্থক হিসেবে পরিচিত। এমনকি ২০২৬ সালের নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থীও করা হয়েছিল তাঁকে, যদিও তিনি জয় পাননি।
এবার অভয়া কাণ্ডে নতুন করে তদন্ত শুরুর সিদ্ধান্তে ফের আশাবাদী সাবিনা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “নতুন সরকার অভয়া কাণ্ডের ফাইল খুলেছে, আবার তদন্ত হবে। এটা ভালো উদ্যোগ। আশা করি, আমার মেয়ের জন্যও সরকার একইভাবে উদ্যোগ নেবে।”