পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কড়া অভিযান, একাধিক বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কলকাতা
সরকারি হাসপাতালগুলিতে ‘দালালরাজ’ (broker raj) এবং রোগী ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগে কড়া অবস্থান নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার SSKM হাসপাতালে স্বাস্থ্য দফতরের আধিকারিক, বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, সুপার এবং প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের নিয়ে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালে কোনও ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালচক্র বরদাস্ত করা হবে না। রোগী পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি নির্দেশ দেন।
সরকারি হাসপাতালগুলিকে ভর্তি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার পাশাপাশি পরিকাঠামো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে মোট শয্যা সংখ্যা এবং বর্তমানে কতগুলি বেড খালি বা ভর্তি রয়েছে, সেই তথ্য প্রদর্শনের জন্য ডিসপ্লে বোর্ড লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পরিচয়পত্র পরা বাধ্যতামূলক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দফতরের দায়িত্বও সামলাচ্ছেন, সরকারি মেডিক্যাল কলেজগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা বাড়ানোর ওপরও জোর দেন। ক্যাম্পাসে বাইরের লোকের অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল ও মেডিক্যাল কলেজ চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করার কথাও বলা হয়েছে।
বৈঠকে রাজ্যজুড়ে অ্যাপভিত্তিক অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি অ্যাম্বুল্যান্সে GPS ট্র্যাকিং ব্যবস্থা থাকবে, যাতে রিয়েল-টাইম নজরদারি এবং দ্রুত জরুরি পরিষেবা নিশ্চিত করা যায়।
এছাড়া স্বাস্থ্য় ভবনে একটি কেন্দ্রীয় ‘ওয়ার রুম’ (War room) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সরাসরি সংযোগ থাকবে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে। এই ওয়ার রুম থেকেই হাসপাতালের পরিষেবা ও অ্যাম্বুল্যান্স চলাচলের উপর নজরদারি চালানো হবে।
সূত্রের খবর, খুব শীঘ্রই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের রেফার করা রোগীদের জন্য সংরক্ষিত ১৫ শতাংশ শয্যার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।