নাড্ডার সঙ্গে একই টেবিলে সৌগত-শত্রুঘ্ন, দিল্লির ছবি ঘিরে তৃণমূলে নতুন জল্পনা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
নাড্ডার সঙ্গে একই টেবিলে সৌগত-শত্রুঘ্ন, দিল্লির ছবি ঘিরে তৃণমূলে নতুন জল্পনা
নাড্ডার সঙ্গে একই টেবিলে সৌগত-শত্রুঘ্ন, দিল্লির ছবি ঘিরে তৃণমূলে নতুন জল্পনা
 
কলকাতা/নয়াদিল্লি:

 সংসদের অ্যানেক্স ভবনে একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জে.পি. নাড্ডা)-র সঙ্গে একই টেবিলে বসে মধ্যাহ্নভোজ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহাকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও বৈঠক বা কথোপকথনের বিষয়বস্তু নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্রের খবর, বুধবার দিল্লিতে সংসদ সদস্যদের নিয়ে যক্ষ্মা (TB) নির্মূল কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের সময় নাড্ডা, সৌগত রায় ও শত্রুঘ্ন সিনহাকে একই টেবিলে আলাপচারিতায় দেখা যায়। উপস্থিত অন্যান্য সাংসদদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তাঁরা।

এই ছবি সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হলেও, তৃণমূল বা বিজেপির পক্ষ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সংসদীয় সূত্রের একাংশের মতে, সংসদে বিভিন্ন দলের সাংসদদের মধ্যে সরকারি কর্মসূচি বা সংসদীয় অনুষ্ঠানে একসঙ্গে বসা এবং মতবিনিময় অস্বাভাবিক নয়।

তবে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একাধিক দলবদল এবং রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এর আগে সংসদ চত্বরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর দীর্ঘ কথোপকথন নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল। যদিও তখন শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, সেটি ছিল ব্যক্তিগত ও সামাজিক বিষয় নিয়ে সৌজন্যমূলক আলোচনা, রাজনৈতিক নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদে বিভিন্ন দলের সাংসদদের মধ্যে যোগাযোগ বা সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তাই শুধুমাত্র একটি ছবি বা একসঙ্গে বসে খাবার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন প্রতিটি ঘটনাই স্বাভাবিকভাবেই কৌতূহল ও জল্পনার জন্ম দিচ্ছে।


শেহতীয়া খবৰ