'আমি ভারতীয়, তবু কেন বাংলাদেশে পাঠানো হল?'— মাকে ফেরানোর দাবিতে আদালতের দ্বারস্থ বসিরহাটের পরিবার

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 16 h ago
সাইদা ফকির
সাইদা ফকির
 
তরুণ নন্দী / কলকাতা

উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের গৃহবধূ সাইদা ফকিরকে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে পরে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, সাইদা ফকির একজন ভারতীয় নাগরিক। তাঁর নামে ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড-সহ একাধিক সরকারি নথি থাকা সত্ত্বেও সেগুলি যাচাইয়ের সুযোগ না দিয়েই তাঁকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
 
পরিবারের দাবি, প্রায় ২০ বছর ধরে স্বামী জুম্মান ফকিরের সঙ্গে মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে বসবাস করছিলেন সাইদা। জুম্মান সেখানে গাড়ি পরিষ্কারের কাজ করেন। গত ১৯ জুলাই বাজারে কেনাকাটা করতে গেলে কথোপকথনের সূত্র ধরে নভি মুম্বাই পুলিশ সাইদাকে আটক করে। পরে তাঁকে একটি হোল্ডিং সেন্টারে রাখা হয় এবং পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় নথি যাচাই না করেই আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় 'পুশব্যাক' করা হয়।
 
বর্তমানে সাইদা বাংলাদেশের একটি অচেনা গ্রামে রয়েছেন বলে পরিবারের দাবি। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্ট ও রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্বামী। আদালতে জমা দেওয়া আবেদনের সঙ্গে সাইদার ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন নথিও পেশ করা হয়েছে।
 
মায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ছেলে সাইন ফকির। তাঁর অভিযোগ, “আমার মা ভারতীয় নাগরিক। সব নথি আমাদের কাছে রয়েছে। তা সত্ত্বেও কোনও কথা না শুনে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনুক।”
 
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাধিক মানবাধিকার সংগঠন। তাদের দাবি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনও ভারতীয় নাগরিককে বিদেশি হিসেবে চিহ্নিত করা হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং আইনের শাসনের পরিপন্থী। আদালতের হস্তক্ষেপে সাইদা ফকির দ্রুত নিজের দেশে ও পরিবারের কাছে ফিরতে পারবেন বলেই আশাবাদী তাঁর পরিজনেরা।
 
বীনা মণ্ডল তৃণমূল বিধায়ক স্বরূপনগর
 
এদিকে, স্বরূপনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক বীণা মণ্ডল ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আধার, ভোটার পরিচয়পত্র-সহ বৈধ নথি থাকা সত্ত্বেও নিরীহ মানুষকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হয়রানির ঘটনা উদ্বেগজনক। প্রকৃত ভারতীয় নাগরিকদের বিদেশি হিসেবে চিহ্নিত না করার জন্য তিনি প্রশাসনের কাছে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
 
উল্লেখ্য, সাইদা ফকিরকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এমন অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।


শেহতীয়া খবৰ