পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর RSS-এর সতর্কবার্তা, ‘অনুকূল পরিস্থিতিতেই সমস্যা বাড়ে’

Story by  atv | Posted by  Aparna Das • 14 h ago
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর RSS-এর সতর্কবার্তা, ‘অনুকূল পরিস্থিতিতেই সমস্যা বাড়ে’
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর RSS-এর সতর্কবার্তা, ‘অনুকূল পরিস্থিতিতেই সমস্যা বাড়ে’

কলকাতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এবার বিজেপি ও আরএসএস কর্মীদের আচরণ নিয়ে সতর্ক করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। প্রতিকূল পরিস্থিতির তুলনায় অনুকূল পরিস্থিতিতেই দায়িত্ব ও সংযম বজায় রাখা বেশি জরুরি, স্বয়ংসেবকদের উদ্দেশে এমনই বার্তা দিলেন RSS-এর সহ-সরকার্যবাহ রামদত্ত চক্রধর।
 
বুধবার নিউটাউনের অ্যাকশন এরিয়ায় RSS-এর নতুন ভবন ‘কেশব স্মৃতি ভবন’-এর উদ্বোধন ও বাস্তুপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সংঘের একাধিক শীর্ষ পদাধিকারী।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামদত্ত চক্রধর বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর অনেকের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে এতদিনের তপস্যা সফল হয়েছে এবং রাজ্যের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তবে এই মনোভাব থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
 
তাঁর কথায়, “প্রতিকূলতা কোনও সমস্যা নয়। সমস্যা বাড়ে অনুকূলতাতেই। রাস্তা ঢালু হলেই দুর্ঘটনা বেশি ঘটে।” পরিস্থিতি অনুকূল হলেও স্বয়ংসেবকদের আচরণ, দায়িত্ববোধ এবং সংকল্পে যেন কোনও পরিবর্তন না আসে, সেই বার্তাই দেন তিনি। নিজেদের কর্তব্যে অবিচল থাকার উপরও জোর দেন RSS-এর এই শীর্ষ নেতা।
 
নিউটাউনে উদ্বোধন হওয়া নতুন ভবনটির নাম রাখা হয়েছে ‘কেশব স্মৃতি ভবন’। RSS-এর প্রতিষ্ঠাতা ও প্রথম সরসংঘচালক ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতির সঙ্গে যুক্ত এই ভবনটি ডাঃ হেডগেওয়ার স্মারক সমিতির পরিচালনায় তৈরি হয়েছে।
 
অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লেখেন, ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের নামাঙ্কিত ‘কেশব স্মৃতি’ ভবনের উদ্বোধন ও লোকার্পণ অনুষ্ঠানের বাস্তুপূজা এবং হোমযজ্ঞে উপস্থিত থাকার সুযোগ হয়েছে।
 
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগেই RSS নিজেদের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে শুরু করেছিল। বিভিন্ন জেলায় শাখার সংখ্যা এবং সংগঠনের কার্যকর্তার সংখ্যা বৃদ্ধির ফলে কলকাতার মানিকতলায় পুরনো ‘কেশব ভবন’-এ জায়গার সংকট দেখা দেয়। সেই কারণেই নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-ডি-তে নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।
 
আগামী দিনে পশ্চিমবঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তারের পরিকল্পনা রয়েছে RSS-এর। সূত্রের দাবি, জেলা স্তরে সংগঠনের কাজ আরও নজরদারির জন্য ভবিষ্যতে বিভিন্ন জেলায় অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। নতুন ভবনকে কেন্দ্র করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রস্তুতিও চলছে।