রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
 
নয়াদিল্লি:
 
কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ (X) এক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধানমন্ত্রী লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে নয়াদিল্লির ইন্দিরা ভবনের বাইরে শুভেচ্ছাবার্তা সম্বলিত পোস্টার টাঙানো হয়েছে। এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন।কংগ্রেসের বিভিন্ন নেতা ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি বলেন, রাহুল গান্ধীর গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের কল্যাণে অবিচল প্রতিশ্রুতি বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।

এক্স-এ তিনি লেখেন, “আমাদের অনুপ্রেরণাদায়ক নেতা শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। দেশের মানুষের সেবায় তাঁর পথচলা অব্যাহত থাকুক, তাঁর সুস্বাস্থ্য, সুখ এবং শক্তি কামনা করি।”

ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) পক্ষ থেকেও রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, অন্যায়, বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রাম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। কংগ্রেসের বক্তব্যে তাঁকে “জেন জি-র কণ্ঠস্বর” এবং সহমর্মিতা ও নীতির রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়।১৯৭০ সালের ১৯ জুন দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন রাহুল গান্ধী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেস সংসদীয় দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর জ্যেষ্ঠ সন্তান।

বর্তমানে তিনি উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্রের সাংসদ এবং লোকসভার ১২তম বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেরলের ওয়ায়ানাড় (২০১৯-২০২৪) এবং উত্তরপ্রদেশের আমেঠি (২০০৪-২০১৯) কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।