ত্রিপুরা ট্রাইবাল কাউন্সিল নির্বাচনে বহুমুখী লড়াই, ১২ এপ্রিল ভোট

Story by  atv | Posted by  Aparna Das • 12 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
আগরতলা

ত্রিপুরা ট্রাইবাল এরিয়া স্বশাসিত জেলা পরিষদ (TTAADC)-এর নির্বাচন আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নির্বাচনে সব প্রধান রাজনৈতিক দল প্রার্থী দেওয়ায় জমে উঠেছে বহুমুখী লড়াই।
 
২৮টি আসন বিশিষ্ট এই কাউন্সিলের নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় বিজেপি এবং টিপরা মোথা পার্টি (TMP) পৃথকভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে সিপিআই(এম) ২৭টি এবং কংগ্রেস ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
 
বিজেপির সহযোগী দল আইপিএফটি-ও ২৪টি আসনে প্রার্থী দিয়েছে, ফলে নির্বাচনী ময়দানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। ট্রাইবাল কাউন্সিলের মোট ভোটার সংখ্যা প্রায় ৯ লক্ষ ৬২ হাজার ৭৯৮।
মোট ২৮টি আসনের জন্য ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন পিটিআই-কে জানান, “বিজেপি, টিপরা মোথা পার্টি (TMP), ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IMFT), সিপিআই(এম), কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা মিলিয়ে মোট ১৭৩ জন প্রার্থী ২৮টি আসনে লড়াই করছেন।”
 
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ মার্চ। মোট ১৮১টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ৮টি মনোনয়ন প্রত্যাহার হওয়ায় চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৭৩।
 
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে টিপরা মোথা পার্টি ১৮টি আসন জিতে পরিষদ গঠন করেছিল। সেই সময় বিজেপি আইপিএফটির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ে ৯টি আসন পেয়েছিল।
 
২৮ সদস্যের এই কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ হবে ১২ এপ্রিল এবং ফলাফল ঘোষণা করা হবে ১৭ এপ্রিল।