নয়াদিল্লি
নরেন্দ্র মোদি রবিবার দেশের নাগরিকদের পশ্চিম এশিয়ায় চলমান “তীব্র যুদ্ধ”-জনিত চ্যালেঞ্জ মোকাবিলায় একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সকলকে সতর্ক থাকার এবং কোনও গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।
নিজের মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ ( Mann Ki Baat)-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলির প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ, কারণ সেখানে বসবাস ও কর্মরত ১ কোটিরও বেশি ভারতীয়কে তারা সর্বতোভাবে সহায়তা করছে।
তিনি জানান, “আমাদের প্রতিবেশী অঞ্চলে” গত এক মাসেরও বেশি সময় ধরে একটি “তীব্র যুদ্ধ” চলছে।প্রধানমন্ত্রী বলেন, “এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। আজকের ‘মন কি বাত’-এর মাধ্যমে আমি আবারও ১৪০ কোটি দেশবাসীকে আহ্বান জানাই, আমরা যেন একসঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি। সকলকে সতর্ক থাকতে হবে এবং গুজবে কান দেওয়া যাবে না।”
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংঘাতের সূত্রপাত হয় ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের উপর আক্রমণ চালায়। এর জবাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ওয়াশিংটনের মিত্র দেশগুলিকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।
ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান খুব কম সংখ্যক জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরান, ফ্রান্স, ইজরায়েল ও মালয়েশিয়াসহ একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে আলোচনা করেন।
২৪ মার্চ দু’জনের মধ্যে টেলিফোনে কথোপকথনের পর মোদি জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে “গুরুত্বপূর্ণ মতবিনিময়” হয়েছে।