ধুলিয়ানে বায়রনের বাড়িতে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে সাগরদিঘির বিধায়ক

Story by  atv | Posted by  Aparna Das • 12 h ago
বায়রনের বাড়িতে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক; মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি
বায়রনের বাড়িতে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক; মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি
 
মুর্শিদাবাদ

ধুলিয়ানে নিজের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সকাল ১০টার কিছু পরে তাঁর বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতেই ছিলেন বায়রন। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকলকে খবর দেন পরিবারের সদস্যরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং দোতলার একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পাশাপাশি বায়রনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
 
বাড়িটির চারদিকে উঁচু পাঁচিল থাকায় বাইরে থেকে সহজে প্রবেশ করা যায় না। ফলে আগুন কীভাবে বাড়ির ভিতরে ছড়াল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বাড়ির লাগোয়া একটি বিড়ি কারখানা রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। সামশেরগঞ্জ থানার পুলিশ এবং দমকল বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।
 
ঘটনার পর ধুলিয়ান ও সাগরদিঘি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বায়রনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড়ও জমে যায়। অন্যদিকে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
 
ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি খোঁজ নেব। আরোগ্য কামনা করব।’’ বায়রনের শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও। তিনি জানিয়েছেন, বায়রনকে তিনি স্নেহ করেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন।
 
আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস এবং পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।