পুজোর আগে বাংলার রেশন গ্রাহকদের ‘ফেস্টিভ প্যাকেজ’, ৫০ শতাংশ ছাড়ে মিলবে চিনি-ময়দা-সুজি

Story by  atv | Posted by  Aparna Das • 15 h ago
পুজোর আগে বাংলার রেশন গ্রাহকদের ‘ফেস্টিভ প্যাকেজ’, ৫০ শতাংশ ছাড়ে মিলবে চিনি-ময়দা-সুজি
পুজোর আগে বাংলার রেশন গ্রাহকদের ‘ফেস্টিভ প্যাকেজ’, ৫০ শতাংশ ছাড়ে মিলবে চিনি-ময়দা-সুজি
 
কলকাতা

দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলির জন্য বিশেষ উপহার ঘোষণা করল রাজ্য সরকার। ‘ফেস্টিভ প্যাকেজ’-এর আওতায় এবার রেশন কার্ডধারী পরিবারগুলি বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে চিনি, ময়দা ও সুজি পাবেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
 
খাদ্যমন্ত্রী জানান, অতীতে উৎসবের সময়ে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীতে মাত্র ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত। এবার সেই ছাড় একলাফে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ, নির্ধারিত সামগ্রীগুলি বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে পাবেন উপভোক্তারা।
 
পশ্চিমবঙ্গে বর্তমানে রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। ‘ফেস্টিভ প্যাকেজ’-এর অধীনে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে দেওয়া হবে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। এই তিনটি সামগ্রীই বাজারদরের অর্ধেক দামে পাওয়া যাবে।
 
এই উৎসব প্যাকেজ কার্যকর করতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ১১৪ কোটি টাকা। খাদ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, অতীতে উৎসবের প্যাকেজে যে অর্থ বরাদ্দ করা হত, এবার তার তুলনায় খরচ বহুগুণ বেশি।
 
প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরে বিনামূল্যে না দিয়ে ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে পরের বছর থেকে উৎসবের সময়ে এই সামগ্রীগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
 
এদিকে, ঈদ বা অন্যান্য ধর্মীয় উৎসবেও কি একই ধরনের বিশেষ প্যাকেজ দেওয়া হবে, সাংবাদিকদের এই প্রশ্নেরও জবাব দেন খাদ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, পশ্চিমবঙ্গ সরকার ধর্মের ভিত্তিতে কোনও বিভাজনে বিশ্বাস করে না। দুর্গাপুজো উপলক্ষে ঘোষণা করা হলেও এই প্যাকেজ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়।