তপন রায়,শিলিগুড়িঃ
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাল শহরের ঘড়ি মোড় সংলগ্ন একটি চায়ের দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ১,৫০০টি নেশার ক্যাপসুল উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আদেশ রাউত ও তাঁর স্ত্রী রিতা রাউত। অভিযান চলাকালীন উদ্ধার হওয়া ক্যাপসুলগুলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা মাল ব্লকের বিডিও প্রগতি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় এবং গ্রেফতার করা হয়।
উল্লেখ, এই নিয়ে তৃতীয়বার পুলিশের হাতে গ্রেফতার হলেন আদেশ রাউত। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও অবৈধভাবে কাফ সিরাপ ও নেশাজাতীয় সামগ্রী মজুত রাখার ও বিক্রি করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গোপন সূত্রে খবর পেয়ে ফের অভিযান চালিয়ে আদেশ রাউত ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, মালবাজার থানার আইসি পালজার ভুটিয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। একের পর এক অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্যও সামনে আসছে।
পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেছেন থানার আইসি। কোনও দোকানে অবৈধভাবে মাদক বা নেশাজাতীয় দ্রব্য বিক্রি কিংবা মজুত রাখার খবর থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তাও দিয়েছে আইসি পালজার ভুটিয়া।
মালবাজার শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।