পশ্চিমবঙ্গে কড়া পশু জবাই নিয়মের জেরে কাঁচামালের সংকটের আশঙ্কায় চামড়া শিল্প

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 6 h ago
পশ্চিমবঙ্গে কড়া পশু জবাই নিয়মের জেরে কাঁচামালের সংকটের আশঙ্কায় চামড়া শিল্প
পশ্চিমবঙ্গে কড়া পশু জবাই নিয়মের জেরে কাঁচামালের সংকটের আশঙ্কায় চামড়া শিল্প
 
কলকাতা ঃ


পশ্চিমবঙ্গর চামড়া শিল্পে কাঁচামালের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য সরকারের কঠোর পশু জবাই নিয়ম এবং নজরদারির ফলে গরু ও মহিষের চামড়ার সরবরাহে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বিশেষ করে ঈদুল আযহা-র পর এই প্রভাব স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, সাধারণত কোরবানির সময় বিপুল পরিমাণ গরু ও মহিষের চামড়া বাজারে আসে, যা দীর্ঘ সময় ধরে ট্যানারি শিল্পের কাঁচামালের চাহিদা মেটায়। তবে এ বছর কঠোর নিয়মের কারণে পশ্চিমবঙ্গে গরু কোরবানি “প্রায় নগণ্য” পর্যায়ে নেমে এসেছে বলে দাবি করেছেন কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা।

ভারতীয় চামড়া পণ্য সমিতির সভাপতি মোঃ আজহার বলেন, “এটি শুধু বকরিদকে ঘিরে সমস্যা নয়। গরু ও মহিষ জবাই, কেনাবেচা এবং পরিবহণে কড়াকড়ির ফলে সামগ্রিকভাবে চামড়ার জোগান কমে যাবে।”

শিল্পমহলের দাবি, পশ্চিমবঙ্গর চামড়া শিল্প বছরে কয়েক কোটি বর্গফুট চামড়া প্রক্রিয়াকরণ করে এবং রফতানিমুখী নানা ধরনের পণ্য তৈরি করে। উন্নত মানের ব্যাগ, মানিব্যাগ ও পোশাক তৈরিতে গরুর চামড়া বেশি ব্যবহৃত হয়, আর মহিষের চামড়া ব্যবহার হয় জুতো, শিল্পকারখানার চামড়াজাত সামগ্রী ও ঘোড়ার জিন তৈরিতে।

শিল্প সূত্রের দাবি, ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল সালাউঘটের কন্ট্রোল একট ১৯৫০ কঠোরভাবে প্রয়োগের ফলে প্রশাসন এখন গবাদি পশুর পরিবহণ, নথিপত্র এবং জবাই প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাচ্ছে।

ব্যবসায়ীদের মতে, এই পরিস্থিতিতে চামড়ার দাম আরও বাড়বে। এমনিতেই মার্কিন শুল্কনীতি, ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী-সংক্রান্ত জাহাজ চলাচল সমস্যার কারণে রফতানি কমেছে এবং মুনাফার চাপ বেড়েছে।আজহার জানান, কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রায় ৬ থেকে ৭ লক্ষ শ্রমিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের উপর নির্ভরশীল। তিনি বলেন, “সবচেয়ে বড় চিন্তা এখন শ্রমিকদের জীবিকা রক্ষা করা।”

অন্যদিকে চামড়া রপ্তানির জন্য পরিষদের চেয়ারম্যান রমেশ কুমার জুনেজা বলেন, “স্থানীয়ভাবে চামড়ার জোগান কিছুটা কমবে ঠিকই, তবে আমদানির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।” তাঁর দাবি, ভারত ইতিমধ্যেই প্রয়োজনীয় চামড়ার প্রায় ৫০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে থাকে।

তিনি জানান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে চামড়া আনা যেতে পারে। এছাড়া নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রুটে হরমুজ প্রণালীর সমস্যা না থাকায় সরবরাহে তেমন বাধা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

কলকাতার বানতালা লেদার কমপ্লেক্স দেশের অন্যতম বড় চামড়া প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখান থেকে চামড়ার পোশাক, ব্যাগ, জুতো ও বিভিন্ন চামড়াজাত পণ্য বিদেশে রফতানি হয়। তবে বিশ্ববাজারে চাহিদা হ্রাস, বাড়তি খরচ এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে গত কয়েক মাস ধরেই এই শিল্প চাপের মুখে রয়েছে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা।