কলকাতা
নতুন বছরের শুরুতেই নতুন রূপে কবি সুভাষ মেট্রো স্টেশন চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে রেলবোর্ড। আগামী ১ জানুয়ারি যাত্রীদের জন্য স্টেশনটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী দ্রুতগতিতে কাজ চললেও গত দু’মাসের প্রায় নিয়মিত বৃষ্টিতে নির্মাণকাজ বারবার বাধাগ্রস্ত হওয়ায় সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে।
গত ২৮ জুলাই থেকে প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার কারণে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ। পুরনো স্টেশন ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। ইতিমধ্যেই ভাঙার কাজ শেষ হয়েছে এবং আন্ডারগ্রাউন্ড পাইলিংও সম্পন্ন হয়েছে। তবে এখনও বেশ কিছু কাজ বাকি। লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত কর্মীও কাজে লাগানো হয়েছে।
স্টেশন বন্ধ থাকায় গড়িয়া ও সংলগ্ন এলাকার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে অটো বদলে যাতায়াত করতে গিয়ে বাড়ছে সময় ও খরচ। পাশাপাশি, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে দীর্ঘদিন ধরে তুলনামূলক ফাঁকা ট্রেন চালাতে গিয়ে বাড়ছে মেট্রোর পরিচালনজনিত লোকসান।
আগে এপ্রিল-মে নাগাদ স্টেশনটি খোলার কথা বলা হলেও তা সম্ভব হয়নি। এবার রেলবোর্ডের নির্ধারিত ১ জানুয়ারির সময়সীমা মেনে কাজ শেষ করে নতুন বছরের উপহার হিসেবে স্টেশনটি চালু করাই কর্তৃপক্ষের লক্ষ্য।