সম্ভলে মসজিদ ভাঙার সময় ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার উদ্ধার, ৮ জনের বিরুদ্ধে মামলা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
সম্ভলে মসজিদ ভাঙার সময় ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার উদ্ধার, ৮ জনের বিরুদ্ধে মামলা
সম্ভলে মসজিদ ভাঙার সময় ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার উদ্ধার, ৮ জনের বিরুদ্ধে মামলা
 
সম্ভল:
 
উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি অবৈধ মসজিদ ভাঙার সময় ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ৪৯টি পোস্টার এবং পাকিস্তানের পতাকার মতো দেখতে একটি সবুজ পতাকা উদ্ধার হওয়ার পর ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশের দাবি, কবরস্থানের জমিতে অবৈধভাবে নির্মিত মুস্তাফা কাদরি মসজিদ শনিবার প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়। সেই সময় মসজিদের ভিতর থেকে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার এবং একটি সবুজ পতাকা উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কুলদীপ সিং জানান, মসজিদের তত্ত্বাবধায়ক (মুতাওয়াল্লি) জাকিরসহ ৮ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫৩(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বারক এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “'আই লাভ মুহাম্মদ' লেখা পোস্টার বা সবুজ পতাকা রাখা অপরাধ হতে পারে না। আমার কাছেও এমন পোস্টার থাকতে পারে। তাহলে আমার বিরুদ্ধেও কি মামলা হবে?”বার্ক আরও দাবি করেন, মসজিদটির বয়স প্রায় ১৫০ বছর এবং ১৯৯৫ সাল থেকে এটি উত্তরপ্রদেশ গেজেটে ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত। তিনি এই ভাঙার ঘটনাকে “বেআইনি” আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান।

জেলা প্রশাসনের দাবি, রাজস্ব আদালতের উচ্ছেদ নির্দেশ অনুসারে প্রায় ১,২০০ বর্গমিটার কবরস্থানের জমিতে নির্মিত ওই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অঙ্কিত খান্ডেলওয়াল জানান, জমির মালিকানার পক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে না পারায় মসজিদ কমিটির আবেদন খারিজ করা হয়।

পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই কড়া নিরাপত্তার মধ্যে ভাঙার কাজ করা হয়েছে।