কলকাতা:
প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ কুমার মুখার্জি, যিনি এলাহাবাদ হাইকোর্ট ও বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, শনিবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।১৯৯৮ সালে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পর, ১৯৯৯ সালের মে মাসে কেন্দ্র সরকার তাঁকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান তদন্ত কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করেন।
প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বিচারপতি মুখার্জি আসানসোলের ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে স্কুলে পড়াশোনা করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন।
তিনি আসানসোলে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৬ সালের নভেম্বর মাসে আসানসোল বার-এ যোগ দিয়ে ১৯৭১ সাল পর্যন্ত মহকুমা ও জেলা আদালত এবং শ্রম ট্রাইব্যুনালে আইনচর্চা করেন।
১৯৭৩ সালে তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।১৯৭৭ সালের জুন মাসে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।১৯৯১ সালের নভেম্বর মাসে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ১৯৯৩ সালের জানুয়ারিতে তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।১৯৯৩ সালের ডিসেম্বর মাসে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন।
তাঁর ভাই ও বিশিষ্ট আইনজীবী মিলন মুখার্জি বলেন, “বারে তাঁর পুরো পেশাগত জীবন এবং বিচারপতি হিসেবে তাঁর কর্মজীবন ছিল মর্যাদা, সততা ও মেধার উজ্জ্বল দৃষ্টান্ত। যা শুধু সহকর্মীদের প্রশংসাই নয়, সমগ্র আইনজীবী মহলের শ্রদ্ধাও অর্জন করেছিল।”
দীর্ঘ অসুস্থতার পর শনিবার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বিচারপতি মনোজ কুমার মুখার্জির মৃত্যু হয়।