কলকাতা ঃ
সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া শেষে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৬০৯। এছাড়াও তালিকায় উল্লেখ করা হয়েছে, ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, খসড়া তালিকা প্রকাশের সময় মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩০। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজনের মাধ্যমে চূড়ান্ত তালিকা থেকে আরও ৫ লাখ ৪৬ হাজার ৫৩টি নাম বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকাতেই ৫৮ লাখ ২০ হাজারের বেশি নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যের ভোটার তালিকা থেকে মোট ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২টি নাম অপসারণ করা হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, শুনানি শেষে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)রা সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট ভোটারদের নাম বাতিল করেছেন। তবে যদি ভুলবশত কোনও নাম বাদ পড়ে থাকে, তা পুনর্বহালের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সংশ্লিষ্ট ভোটাররা আগামী ১৫ দিনের মধ্যে দাবি ও আপত্তি জানাতে পারবেন।
চূড়ান্ত তালিকাটি সমস্ত ভোটকেন্দ্রে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য ইআরও ও এইআরও-দের দপ্তরেও তা উপলব্ধ রয়েছে। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও তালিকার অনুলিপি ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। এছাড়া ভোটাররা তাঁদের ইপিক (EPIC) নম্বর ব্যবহার করে নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও-র ওয়েবসাইট এবং ইসিআই নেট (ECI Net) অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন।