ভারত আদমশুমারি ২০২৭-এর প্রথম ধাপের জন্য কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করেছে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 Months ago
ভারত আদমশুমারি ২০২৭-এর প্রথম ধাপের জন্য কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করেছে
ভারত আদমশুমারি ২০২৭-এর প্রথম ধাপের জন্য কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করেছে

নয়াদিল্লি :

কেন্দ্র সরকার ভারত আদমশুমারি ২০২৭-এর প্রথম ধাপের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকাভুক্তি কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নির্ধারিত ৩০ দিনের সময়কালে এই কার্যক্রম সম্পন্ন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গৃহে-গৃহে তালিকাভুক্তি শুরুর আগে ১৫ দিনের জন্য স্ব-গণনার (Self-enumeration) সুবিধা উপলব্ধ থাকবে।

এটি হবে দেশের প্রথম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত আদমশুমারি, যেখানে অ্যান্ড্রয়েড ও আইওএসউভয় সংস্করণের জন্য উপলব্ধ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও আদমশুমারি কার্যক্রমের তত্ত্বাবধানের জন্য প্রায় ৩০ লক্ষ মাঠ পর্যায়ের কর্মী নিয়োজিত থাকবেন। এদের মধ্যে থাকবেন গণনাকারী (Enumerators), সুপারভাইজার, মাস্টার ট্রেনার, চার্জ অফিসার এবং প্রধান বা জেলা আদমশুমারি আধিকারিকরা।

আদমশুমারি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হবে গৃহতালিকাভুক্তি ও গৃহগণনা, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ হবে জনসংখ্যা গণনা (Population Enumeration PE), যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পরিচালিত হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকাগুলিযেমন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের কিছু অংশ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যেচলতি বছরের সেপ্টেম্বর মাসেই জনসংখ্যা গণনা করা হবে।

এর আগে, গত মাসের ১২ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত আদমশুমারি ২০২৭ পরিচালনার পরিকল্পনাকে অনুমোদন দেয়। এই আদমশুমারি পরিচালনার জন্য মোট ১১,৭১৮.২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়াও, গত বছরের ৩০ এপ্রিল অনুষ্ঠিত রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে আসন্ন আদমশুমারিতে জাতিগত গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।