রথযাত্রায় রাজ্যের বড় উদ্যোগ: ঐতিহ্যবাহী কমিটিকে ৫ লক্ষ অনুদান, প্রতিটি জেলায় সেবা শিবির

Story by  Debkishor Chakraborty | Posted by  Sudip sharma chowdhury • 14 d ago
রথযাত্রায় রাজ্যের বড় উদ্যোগ: ঐতিহ্যবাহী কমিটিকে ৫ লক্ষ অনুদান, প্রতিটি জেলায় সেবা শিবির
রথযাত্রায় রাজ্যের বড় উদ্যোগ: ঐতিহ্যবাহী কমিটিকে ৫ লক্ষ অনুদান, প্রতিটি জেলায় সেবা শিবির
 
দেবকিশোর চক্রবর্তী 

রথযাত্রা উৎসবকে আরও সুষ্ঠু, নিরাপদ ও জনমুখী করে তুলতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের নির্বাচিত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। পাশাপাশি, পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতিটি জেলায় বিশেষ ‘সেবা শিবির’ গড়ে তোলা হবে, যেখানে থাকবে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা।
 
সরকারি সূত্রের খবর, এই অনুদান সব রথযাত্রা কমিটির জন্য নয়। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতে নির্বাচিত কমিটিগুলিকেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কোন রথযাত্রার ঐতিহ্য, আয়োজনের পরিসর, সামাজিক গুরুত্ব এবং জনসমাগমের মাত্রা—এসব বিষয় বিবেচনা করেই চূড়ান্ত তালিকা তৈরি হবে।শুধু আর্থিক অনুদান নয়, জনসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। প্রতিটি জেলায় প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী ‘সেবা শিবির’ স্থাপন করা হবে। সেখানে পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা থাকবে। উৎসব চলাকালীন বিপুল জনসমাগমের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
 
সরকারি পরিকল্পনা অনুযায়ী, রথযাত্রা শুরুর তিন দিন আগেই নির্বাচিত কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে। আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলা ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের আগে, ১৩ জুলাইয়ের মধ্যেই অনুদান বিতরণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।উৎসব-সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতে, এই উদ্যোগ ঐতিহ্যবাহী রথযাত্রাগুলির আয়োজনকে আরও সুসংগঠিত করতে সাহায্য করবে। একই সঙ্গে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং জনপরিষেবার মান উন্নত হওয়ায় পুণ্যার্থীদের ভোগান্তিও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
 
উল্লেখযোগ্য বিষয় হল, অতীতে দুর্গাপুজোর আয়োজকদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করলেও, রথযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের পৃথক সরকারি সহায়তা এবারই প্রথম। তবে সরকার স্পষ্ট করেছে, নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা এবং প্রকৃত প্রয়োজনের ভিত্তিতেই অনুদান দেওয়া হবে। ফলে ঐতিহ্য, জনস্বার্থ এবং প্রশাসনিক মূল্যায়নের সমন্বয়েই নির্বাচিত কমিটিগুলি এই সুবিধা পাবে।
 
রাজ্য সরকারের এই ঘোষণার ফলে এবারের রথযাত্রা উৎসব আরও সুসংগঠিত, নিরাপদ এবং জনবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী প্রশাসন ও উৎসব-আয়োজকরা।


শেহতীয়া খবৰ