শম্পি চক্রবর্তী পুরকায়স্থ ঃ
পবিত্র রমজান মাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর ঘোষণা করেছে পরিবারপিছু ভর্তুকিযুক্ত বিশেষ প্যাকেজ। আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) রেশন কার্ডধারী পরিবারগুলি এই সুবিধার আওতায় আসবেন। চলতি সপ্তাহ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে নির্দিষ্ট রেশন দোকান থেকে এই বিশেষ প্যাকেজ সংগ্রহ করা যাবে। পরিবারপিছু এক কেজি চিনি ৩২ টাকায়, এক কেজি ময়দা ৩০ টাকায় এবং এক কেজি ছোলা ৬৫ টাকায় দেওয়া হবে। বাজারদরের তুলনায় এই মূল্য যথেষ্ট কম বলেই মনে করছেন উপভোক্তারা।
প্রশাসনের এক কর্তা জানান, রমজান মাসে ইফতার ও সেহরির জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। বিশেষ করে চিনি, ময়দা ও ডালের মতো পণ্যের ব্যবহার বেশি হয়। এই অতিরিক্ত চাহিদার সময়ে যাতে দরিদ্র পরিবারগুলিকে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
রাজ্য জুড়ে সমস্ত রেশন ডিলারদের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের যেন কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়েও কড়া নজরদারি চালানোর কথা জানানো হয়েছে। প্রশাসনের দাবি, পর্যাপ্ত মজুত রাখা হয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সুসংহত করা হয়েছে।
সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, শুধুমাত্র নির্ধারিত রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন। উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী রেশন দোকান থেকে সামগ্রী সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। ইদ উৎসবের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলেও ইঙ্গিত মিলেছে।মূল্যবৃদ্ধির বাজারে এই উদ্যোগ সাময়িক স্বস্তি এনে দেবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।