শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় অবদানের জন্যে পুরস্কৃত বদরুদ্দিন আজমল ও হবিবুর রহমান
শতানন্দ ভট্টাচার্য
রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন আজমল ও সাংবাদিক হবিবুর রহমান চৌধুরী তাদের নিজস্ব ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্যে পুরস্কৃত হচ্ছেন। শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ অসমের বরাক উপত্যকার বদরপুরে দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠানে এই দুইজন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হবে, আগামী ১৮ জানুয়ারি।
উত্তর-পূর্ব ভারত এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া দেওরাইল দারুল হাদিসের এই বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বোখারিতে সাধারণত লক্ষ লক্ষ মানুষের সঙ্গম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তপ্রন মানুষ ও ইসলামিক পন্ডিতরা। এই অনুষ্ঠানেই দুই ব্যক্তিত্বকে পুরস্কারে সম্মানিত করা হবে।
শিক্ষার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করার জন্যে সমাজসেবী, আজমল ফাউন্ডেশনের কর্ণধার এবং প্রাক্তন সাংসদ হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমিকে প্রদান করা হবে 'মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড'। উত্তর পূর্ব ভারতে শিক্ষা বিস্তার, মাদ্রাসা আধুনিকীকরণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান অনস্বীকার্য ও সর্বজনস্বীকৃত।
এছাড়াও সংবাদ ও সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবী, শ্রীভূমি থেকে প্রকাশিত 'দৈনিক নববার্তা প্রসঙ্গ' পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরিকে প্রদান করা হবে 'আল্লামা তৈয়িবুর রহমান বড়ভূইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড'। দীর্ঘদিন হবিবুর রহমান সাংবাদিকতা, শিক্ষার প্রসার এবং সমাজ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
এই দুই গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা উপলক্ষে করিমগঞ্জ যুব নদওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছা। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, মানবসেবা ও নৈতিকতার পথে আরও উদ্বুদ্ধ করবে।