শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ, একাধিক কর্মসূচিতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
ইকো পার্কে দেশের সর্বোচ্চ শ্যামাপ্রসাদ মূর্তির ভিত্তিপ্রস্তর, ভবানীপুরে পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য, সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মূল অনুষ্ঠান।ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতায় একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
সূত্রের খবর, দুপুর ৩টা ৫০ মিনিট নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা অমিত শাহের। সেখান থেকে তিনি সরাসরি নিউ টাউনের ইকো পার্কে যাবেন। সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশের সর্বোচ্চ ১২৫ ফুট উচ্চতার মূর্তির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই মূর্তি তাঁর ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে এবং এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইকো পার্কের কর্মসূচির পর অমিত শাহ যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। সেখানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। পরে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত ১২৫তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্য সরকারের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকালেই ইকো পার্কে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায়ও শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার এ বছর ৬ জুলাই রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক তাঁর জন্মবর্ষকে ঘিরে দু'বছরব্যাপী জাতীয় উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।
অমিত শাহের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন কলকাতার দিকেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সামনে রেখে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।