অক্সফোর্ড স্ট্রিটের আদলে বদলে যাবে কলেজ স্ট্রিট, হর্নমুক্ত দূষণহীন হেরিটেজ জোন গড়ার পরিকল্পনা

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
অক্সফোর্ড স্ট্রিটের আদলে বদলে যাবে কলেজ স্ট্রিট, হর্নমুক্ত দূষণহীন হেরিটেজ জোন গড়ার পরিকল্পনা
অক্সফোর্ড স্ট্রিটের আদলে বদলে যাবে কলেজ স্ট্রিট, হর্নমুক্ত দূষণহীন হেরিটেজ জোন গড়ার পরিকল্পনা
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে কলেজ স্ট্রিটকে একটি দূষণমুক্ত, হর্নমুক্ত এবং যানবাহনহীন (নো-ভেহিকেল) হেরিটেজ জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বইপাড়ার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই আধুনিক নাগরিক পরিকাঠামোর নতুন দৃষ্টান্ত তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
 
আসানসোল জেলা গ্রন্থাগারে এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তাঁর বক্তব্য, ডিজিটাল যুগে মোবাইল ও ইন্টারনেটের প্রতি বাড়তে থাকা নির্ভরতার মধ্যে নতুন প্রজন্মকে আবার বই, পাঠাগার ও পড়াশোনার পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশে সাধারণ যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে তৈরি হবে সাইকেল স্ট্যান্ড এবং সেখান থেকে ভাড়ায় সাইকেল নেওয়ার সুবিধাও থাকবে। প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সুবিধার্থে ব্যাটারিচালিত গাড়ি বা গলফ কার্ট চালানোর ব্যবস্থাও রাখা হবে।
 
ঐতিহ্যের কথা মাথায় রেখে কলেজ স্ট্রিটে বিশেষভাবে নকশা করা ট্রাম পরিষেবা চালু রাখারও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাস্তা ও ফুটপাতের সৌন্দর্যায়নের পাশাপাশি বইয়ের দোকানগুলিকে একটি নির্দিষ্ট থিম ও নান্দনিক শৈলীতে সাজিয়ে তোলা হবে, যাতে গোটা এলাকা একটি আন্তর্জাতিক মানের হেরিটেজ বুক ডিস্ট্রিক্টের রূপ পায়।বইপ্রেমী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য এলাকাজুড়ে বসানো হবে ভিন্টেজ ধাঁচের ল্যাম্পপোস্ট, আরামদায়ক বসার বেঞ্চ এবং বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা। শান্ত ও মনোরম পরিবেশে পড়াশোনা ও বইপড়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই এই উদ্যোগের লক্ষ্য।
 
পুরমন্ত্রীর বক্তব্য, শুধু কলকাতাতেই নয়, ভবিষ্যতে এই মডেল অনুসরণ করে শিল্পাঞ্চল আসানসোলেও আন্তর্জাতিক মানের একটি আধুনিক রিডিং স্পেস বা পাঠকক্ষ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ একদিকে যেমন কলেজ স্ট্রিটের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে, তেমনই বইপড়ার সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।