রাস্তা যেন ‘নরক’! রোগীকে চটের বস্তায় হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল, দীর্ঘ যন্ত্রণার অভিযোগ জানিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
রাস্তা যেন ‘নরক’! রোগীকে চটের বস্তায় হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল, দীর্ঘ যন্ত্রণার অভিযোগ জানিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
রাস্তা যেন ‘নরক’! রোগীকে চটের বস্তায় হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল, দীর্ঘ যন্ত্রণার অভিযোগ জানিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
 
তরুণ নন্দী, কলকাতাঃ

ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে দেশ এগিয়ে গেলেও বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লক। দেখা গেল, গ্রামের মানুষেরা নিজেরাই চটের বস্তায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছে এক মুমূর্ষু রোগীকে। এটা কোনো দুর্গম এলাকা নয়, এ দৃশ্য দেখা গেল সন্দেশখালির সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের বড় সেহারা মাঝের পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরে বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার উপায় নেই অ্যাম্বুল্যান্সের। তাই অগত্যা রোগীকে বাঁচানোর শেষ মরিয়া চেষ্টা হিসেবে বস্তায় করে এই আদিম পদ্ধতি বেছে নিতে বাধ্য হয়েছেন গ্রামবাসীরা। এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেখে চমকে উঠছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আয়লার সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর কেটে গেছে দেড় দশকেরও বেশি সময়। নানা জায়গায় অনুরোধ জানানোর পরও এই রাস্তাটির ভাগ্যে জোটেনি এক কোদাল মাটিও। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি মেরামতের কোনো সদিচ্ছাই দেখায়নি স্থানীয় প্রশাসন। তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ঘটনা হল, রাস্তার ঠিক পাশের পুকুর থেকে নিয়মবহির্ভূতভাবে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হয়েছে দিনের পর দিন। ফলে দিনের পর দিন এভাবে থাকায় ধসে গিয়ে রাস্তাটি এখন সম্পূর্ণ ‘মরণফাঁদে’ পরিণত হয়ে গেছে।
 
গ্রামবাসীদের অভিযোগ, এই ২০ থেকে ৩০টি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি এতটাই বেহাল দশায় রয়েছে যে, একজন সুস্থ মানুষের পক্ষেও হেঁটে যাওয়া কার্যত শারীরিক সক্ষমতার পরিচয় দেওয়ার সমান। আর অসুস্থ, প্রতিবন্ধী কিংবা বৃদ্ধদের যাতায়াত করা একপ্রকার দুর্বিসহ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য রীতিমত কাঠখড় পোড়াতে হয়। নিজেদের সমস্যার কথা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আজও বাধ্য হয়ে এক মুমূর্ষু রোগীকে চটের বস্তায় নিয়ে যেতে হলো। এই অবস্থায় থাকতে থাকতে আমাদের পিঠ একপ্রকার দেওয়ালে ঠেকে গিয়েছে।
 
তীব্র বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা
 
 
এদিন অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট দাবি, আর কোনো ফাঁপা প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাসী নই, যুদ্ধকালীন তৎপরতায় অতি দ্রুততার সঙ্গে এই রাস্তাটি চলাচলের জন্য উপযুক্ত করে দিতে হবে। নইলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।সোশ্যাল মিডিয়ায় বস্তায় করে রোগী নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে নানা মহলে।
 
প্রশ্ন উঠছে, সন্দেশখালির এই অঞ্চলের মানুষগুলোর এই সমস্যার কথা কি পৌঁছাবে প্রশাসনের অন্দরে?  নাকি চটের বস্তাই হয়ে থাকবে এই এলাকার মানুষের মুমুর্ষু হাসপাতালে পৌঁছানোর একমাত্র উপায়, এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন এলাকার মানুষ।