পশ্চিমবঙ্গে আগামী বছর থেকে সরকারি হাসপাতালে পুজোর দীর্ঘ ছুটি বন্ধ, সপ্তমী থেকে দশমী চালু হবে ডিউটি রোস্টার

Story by  atv | Posted by  Aparna Das • 3 h ago
পশ্চিমবঙ্গে আগামী বছর থেকে সরকারি হাসপাতালে পুজোর দীর্ঘ ছুটি বন্ধ, সপ্তমী থেকে দশমী চালু হবে ডিউটি রোস্টার
পশ্চিমবঙ্গে আগামী বছর থেকে সরকারি হাসপাতালে পুজোর দীর্ঘ ছুটি বন্ধ, সপ্তমী থেকে দশমী চালু হবে ডিউটি রোস্টার
 
কলকাতা

দুর্গাপুজোর সময় রাজ্য সরকারি হাসপাতালগুলিতে দীর্ঘ ছুটির প্রথা বন্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী বছর থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ ডিউটি রোস্টার চালু করা হবে। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই যাতে রোগীরা চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়।
 
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকেই অলিখিত নিয়মে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত স্বাস্থ্য দফতরের কর্মীদের দীর্ঘ ছুটি চলত। আগামী বছর থেকে সেই প্রথার অবসান ঘটবে। তাঁর কথায়, স্বাস্থ্য দফতর অন্য সরকারি দফতরের মতো নয়। এটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। তাই সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টাই মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হবে।
 
মন্ত্রী জানান, আগামী বছরের দুর্গাপুজোয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাসপাতালের কর্মীদের জন্য ডিউটি রোস্টার তৈরি করা হবে। বর্তমানে যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও শুক্রবার থেকেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসক ও নার্সদের জন্য নির্দিষ্ট কোনও রোস্টার বেঁধে দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী তাঁদের হাসপাতালে উপস্থিত থাকতে হবে।
 
দুর্গাপুজোর সময় একাধিক হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীর অনুপস্থিতি নিয়ে অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ। অভিযোগ, কয়েকজন কর্মী অনুমতি ছাড়াই ছুটিতে ছিলেন। বিষয়টি নিয়ে শুক্রবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মীদের অনুপস্থিতি নিয়ে তিনি অসন্তোষও প্রকাশ করেন।
 
মন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। সরকারি কর্মীরা জনগণের সেবক। স্বাস্থ্য দফতর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায় এখানে উৎসবের অজুহাতে পরিষেবা বন্ধ রাখা যায় না। মানুষের স্বার্থে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই কাজ করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।