শ্বাসনালীতে আটকে চুম্বক! লেদ কারখানার তৈরি আরেক চুম্বকেই বাঁচল ৬ বছরের আরাফাত আলীর প্রাণ, চিকিৎসকদের অবিশ্বাস্য বুদ্ধি কাজে এল
তরুণ নন্দী, কলকাতাঃ
বাড়িতে খেলার সময় না বুঝেই ছোট্ট একটা চুম্বক মুখে তুলেছিল ছয় বছরের আরাফাত আলী। পরবর্তীতে সেটাই তার প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়ায়। মুহূর্তের অসাবধানতায় শ্বাসনালীতে আটকে যায় চুম্বকটি। শুরু হয় শ্বাসকষ্ট। গলায় চুম্বক আটকে কাশি হতে থাকে। বাচ্চাটি নিয়ে এরপর পরিবারের লোকজন ছুটে যান হাসপাতালে। শেষ পর্যন্ত চিকিৎসকদের অসাধারণ বুদ্ধি আর তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার মহেশপুর গ্রামের ছোট্ট আরাফাত। টানা ১৩ দিনের লড়াই শেষে অবশেষে বাড়ি ফিরেছে সে। আর তার ঘরে ফেরার আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা এলাকা।
পরিবার সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১ নভেম্বরে। সেদিন নিজের মতোই খেলায় মগ্ন ছিল ছয় বছরের আরাফাত। খেলার সময় কোন কারণে মুখে তোলে ছোট্ট চুম্বক, আর খাবারের সঙ্গে গিলে ফেলে সে। কিন্তু চুম্বকটি যে আকারের তাতে করে খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে না গিয়ে আটকে যায় শ্বাসনালীতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র কাশি ও শ্বাসকষ্ট। সন্তানের এমন অবস্থা দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েন বাবা আলী আক্কাস। পেশায় ভ্যানচালক বাবা এক মুহূর্ত দেরি না করে অসুস্থ ছেলেকে নিয়ে ছুটে যান বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে। বেগতিক দেখে সেখান থেকে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছনোর পর দ্রুত আরাফাতের এক্স-রে করতেই ধরা পড়ে বাচ্চাটির শ্বাসকষ্টের আসল কারণ। দেখা যায়, তার শ্বাসনালীর ভিতরে আটকে রয়েছে চুম্বকটি। চিকিৎসকেরা দ্রুত চুম্বকটি বের করার চেষ্টা শুরু করতেই বুঝতে পারেন কাজটা এত সহজ নয়। একাধিক প্রচেষ্টার পর চুম্বকটি কিছুটা বাইরে বেরিয়ে এলেও ফের আটকে যায়। হাসপাতাল সূত্রে খবর, চুম্বক আবারও আটকে গিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে তখন প্রয়োজন ছিল অন্যরকম কোনও সমাধানের। আর ঠিক সেখানেই চিকিৎসকদের উপস্থিত বুদ্ধি কাজ করে। চিকিৎসকদের অভিনব উদ্যোগই হয়ে ওঠে মুসকিল আসান। চিকিৎসকেরা বুঝতে পারেন, সাধারণ পদ্ধতিতে এই চুম্বক গলা থেকে বের করা সম্ভব নয়। এরপর হাসপাতালের পাশেই একটি লেদ কারখানায় গিয়ে তৈরি করানো হয় বিশেষ মাপের একটি ছোট চুম্বক। সেই চুম্বককে কাজে লাগিয়েই শুরু হয় অভিনব প্রচেষ্টা। আরাফাতের শ্বাসনালীতে আটকে থাকা চুম্বকটির সঙ্গে নতুন চুম্বকের আকর্ষণ বলকে কাজে লাগিয়ে সেটিকে বের করে আনতে সক্ষম হন চিকিৎসকেরা। তাঁদের এই ব্যতিক্রমী কৌশলেই শেষ পর্যন্ত বিপদমুক্ত হয় ছোট্ট আরাফাত।
বলা ভালো, চিকিৎসকদের অসাধারণ উপস্থিত বুদ্ধিতেই যেন নতুন জীবন ফিরে পেল শিশুটি। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ১৩ দিন বাদে বাড়ি ফিরেছে ছোট্ট আরাফাত। যে বাড়িতে উৎকণ্ঠা পরিবেশ সরে গিয়ে এখন ছেলে ফেরার খুশিতে আত্মহারা পরিবার। আরাফাতের পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এলাকার বাসিন্দারাও চিকিৎসকদের এই অসাধারণ প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন।