‘দাদা’র বায়োপিকে জমল বাঙালিয়ানা! সৌরভের স্ত্রী থেকে বাবা— গুরুত্বপূর্ণ চরিত্রে একঝাঁক বাংলা মুখ

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
‘দাদা’র বায়োপিকে জমল বাঙালিয়ানা! সৌরভের স্ত্রী থেকে বাবা— গুরুত্বপূর্ণ চরিত্রে একঝাঁক বাংলা মুখ
‘দাদা’র বায়োপিকে জমল বাঙালিয়ানা! সৌরভের স্ত্রী থেকে বাবা— গুরুত্বপূর্ণ চরিত্রে একঝাঁক বাংলা মুখ
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি-র জীবন এবার উঠে আসছে বড়পর্দায়। বহু প্রতীক্ষিত এই বায়োপিক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। প্রাথমিকভাবে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ নামে পরিচিত ছবিটির শুটিং এখন জোরকদমে চলছে মুম্বইয়ে। পরিচালনায় রয়েছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। আর মুখ্য চরিত্রে অর্থাৎ সৌরভের ভূমিকায় অভিনয় করছেন  রাজকুমার রাও।
 
তবে এই ছবির সবচেয়ে বড় চমক শুধুই সৌরভের চরিত্র নয়, বরং তাঁর চারপাশের মানুষদের বেছে নেওয়ার ক্ষেত্রে নির্মাতাদের বিশেষ পরিকল্পনা। কারণ, এক আন্তর্জাতিক ক্রিকেট তারকার গল্প বললেও ছবির ভিতরে যেন স্পষ্টভাবে ফুটে উঠছে বাংলা ও বাঙালিয়ানার আবহ।
 
সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী  ডোনা গাঙ্গুলি-র চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তাঁকেই বেছে নিয়েছে টিম ‘দাদা’। এই চরিত্র ঘিরে প্রথম থেকেই ছিল জোর জল্পনা। কখনও উঠে এসেছে  মিমি চক্রবর্তী-র নাম, কখনও বা  ঈশা সাহা কিংবা  অমৃতা চট্টোপাধ্যায়ের নাম। কারণ, ডোনা গঙ্গোপাধ্যায় শুধু সৌরভের স্ত্রী নন, তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। ফলে অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ কাউকেই খুঁজছিলেন নির্মাতারা।
 
শেষ পর্যন্ত বাজিমাত করেন তান্যা। এর আগে  পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। আবার টুথ পরি  সিরিজ়ে তাঁর বিপরীতে ছিলেন  শান্তনু মাহেশ্বরী। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর শুটিং শুরু হয়ে গিয়েছে। প্রায় ১০ থেকে ১২ দিন ধরে চলবে সৌরভ-ডোনার অংশের দৃশ্যধারণ।
 
অন্যদিকে, সৌরভের পারিবারিক অধ্যায়কেও গুরুত্ব দেওয়া হচ্ছে ছবিতে। আগেই জানা গিয়েছিল, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। আর এবার নিশ্চিত হয়েছে, সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন  শাশ্বত চ্যাটার্জি। প্রথমদিকে এই চরিত্রে  বোমান ইরানির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নির্মাতারা ভরসা রেখেছেন বাংলার এই শক্তিশালী অভিনেতার উপরেই।
 
ছবিতে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বোসকে। ফলে ছবির গুরুত্বপূর্ণ পারিবারিক চরিত্রগুলিতে একাধিক বাংলা মুখের উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
 
এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চ মাসেই। পরিচালক প্রথমে কলকাতাকেই শুটিংয়ের মূল জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচন এবং আইপিএল সূচির কারণে পরিকল্পনায় বদল আসে। পরে এপ্রিল মাস থেকে মুম্বইয়ে শুরু হয় শুটিং। সেখানে তৈরি করা হয়েছে ইডেন গার্ডেন্সের বিশাল রেপ্লিকা সেটও।নিজের চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার রাও। জানা গিয়েছে, সৌরভের মতো শারীরিক গঠন আনতে তিনি ওজনও বাড়িয়েছেন। পাশাপাশি কলকাতায় এসে সময় কাটিয়ে গিয়েছেন, যাতে সৌরভের ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং আচরণ আরও কাছ থেকে বুঝে নিতে পারেন।
 
সব ঠিক থাকলে চলতি মাসের শেষ থেকেই কলকাতায় শুরু হবে ছবির পরবর্তী পর্যায়ের শুটিং। শুধু কলকাতাই নয়, দক্ষিণ ভারত এবং লন্ডনেও হবে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট। নির্মাতাদের দাবি, পুরো ছবির কাজ শেষ হতে সময় লাগতে পারে প্রায় ছ’মাস।ক্রিকেট, আবেগ, পারিবারিক সম্পর্ক এবং বাঙালিয়ানার মিশেলে তৈরি এই বায়োপিক এখন শুধু একটি স্পোর্টস ফিল্ম নয়, বরং বাংলা সংস্কৃতির এক বড় উপস্থাপনাও হয়ে উঠতে চলেছে বলেই মনে করছে সিনে মহল।