অসমের ভাস্কর বিনয় পাল টেগোর জাতীয় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন

Story by  Satananda Bhattacharjee | Posted by  Sudip sharma chowdhury • 6 h ago
অসমের ভাস্কর বিনয় পাল টেগোর জাতীয় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন
অসমের ভাস্কর বিনয় পাল টেগোর জাতীয় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন
শতানন্দ ভট্টাচার্য / হাইলাকান্দি

দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার বিখ্যাত মৃৎশিল্পী রবিন পালের পুত্র বিশিষ্ট ভাস্কর ডঃ বিনয় পাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মর্যাদাপূর্ণ টেগোর ন্যাশনাল স্কলারশিপ ২০২৫-২৬ এর জন্য মনোনীত হয়েছেন। অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকীতে এ অঞ্চলের বাঙ্গালীদের জন্যে এক গৌরবের বিষয়। বাঙ্গালী অধ্যুষিত বরাক উপত্যকার শিল্পজগতের জন্য নিশ্চয়ই এক বড় স্বীকৃতি। মূলত উত্তর-পূর্ব ভারতের পাবলিক আর্ট বা গণশিল্প নিয়ে গবেষণার জন্যই তাঁকে এই ফেলোশিপ প্রদান করা হয়েছে।
 
বিনয়বাবু দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্ব ভারতের শিল্পমহলে এক পরিচিত নাম। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের 'টেগোর ন্যাশনাল ফেলোশিপ ফর কালচারাল রিসার্চ' প্রকল্পের অধীনে নয়াদিল্লির ললিতকলা অ্যাকাডেমিকে কেন্দ্র করে আগামী দু'বছর উত্তর-পূর্ব ভারতের পাবলিক আর্ট নিয়ে গবেষণা করবেন তিনি। স্বাধীনতার আগে, ও পরে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিফলন ভাস্কর্য, দেওয়ালচিত্র ও অন্যান্য গণশিল্পে কী ভাবে ধরা পড়েছে, সেই বিষয়েই হবে তাঁর গবেষণা।
 
 ভাস্কর্যশিল্পে তাঁর কাজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। জাতীয় এ বার কেন্দ্রীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক স্তরে একাধিক প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি বহু সম্মান ও পুরস্কারও অর্জন করেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক আর্ট রেসিডেন্সিতেও যোগ দিয়েছেন।তাঁর গবেষণামূলক প্রবন্ধ ইতিমধ্যেই দেশ-বিদেশের নানা জার্নালে প্রকাশিত হয়েছে।
 
 
শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগ থেকে প্রথমে ভাস্কর্যে উচ্চশিক্ষা লাভ করেন  তিনি। পরে ওই বিভাগেরই অধ্যাপক ড. গণেশ নন্দীর তত্ত্বাবধানে বরাকের প্রখ্যাত ভাস্কর সুষেন ঘোষের শিল্পকর্ম নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুপর্ণা রায়ের তত্ত্বাবধানে পোস্ট-ডক্টরাল  গবেষণাও সম্পন্ন করেছেন তিনি। তাঁর এই সাফল্যে অসম বিশ্ববিদ্যালয় এবং বরাকের শিল্প ও সংস্কৃতি মহলে খুশির আবহ তৈরি হয়েছে। 

বিনয়বাবু বলেন যে বরাকের মাটি, মানুষ ও সমাজবাস্তবতার সঙ্গে গভীর সংযোগ রেখেই নিজের শিল্পভুবন নির্মাণ করেছেন তিনি। সৃজনশীল কাজের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও সমান মনোযোগী থাকবেন বলেও জানান তিনি।


শেহতীয়া খবৰ