রাতের অন্ধকারে তিস্তা সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। একই বাইকে চেপে যাচ্ছিলেন তিন বন্ধু। কিন্তু সেই যাত্রাই যে তাঁদের জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন তরতাজা যুবক। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লি এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী তিস্তা সেতুর শেষ প্রান্তে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরবাইকে ছিলেন তিন যুবক। আচমকাই তাঁদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অবস্থায় তৃতীয় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে পৌঁছনোর পথেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রিজু মণ্ডল (২২), রোহন রায় (২২) এবং সত্য কেরানি (২৩)। তিনজনই জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লির বাসিন্দা। একসঙ্গে তিন বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁদের পরিবার। এলাকায় নেমে এসেছে গভীর শোক।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাইকের গতিবেগ কত ছিল, অন্য কোনও যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল বাইকটি—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ হলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।