বন্ধু হারিয়েও বন্ধুর মেয়েকে ভুললেন না দাস্তান-জাহিদুল-রকিবরা! নিজেদের উদ্যোগে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, নজির গড়লেন রাজমিস্ত্রিরা

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
বন্ধু হারিয়েও বন্ধুর মেয়েকে ভুললেন না দাস্তান-জাহিদুল-রকিবরা! নিজেদের উদ্যোগে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, নজির গড়লেন রাজমিস্ত্রিরা
বন্ধু হারিয়েও বন্ধুর মেয়েকে ভুললেন না দাস্তান-জাহিদুল-রকিবরা! নিজেদের উদ্যোগে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, নজির গড়লেন রাজমিস্ত্রিরা

তরুণ নন্দী, কলকাতাঃ

রক্তের সম্পর্ক না থেকেও মানবতার টানে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা। বেঙ্গালুরুতে মৃত ডোমকলের সেন্টু আনসারীর মেয়ের ভবিষ্যৎ সুরক্ষায় রাজমিস্ত্রিদের উদ্যোগে ১ লক্ষ ২৯৫ টাকার ফিক্সড ডিপোজিট করা হল।  রক্তের সম্পর্ক নেই তাঁদের, তবুও রয়ে গেল আত্মীয়তার বন্ধন। সহকর্মীর মৃত্যুর পর তাঁর ছোট্ট মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের উপার্জনের টাকা জমিয়ে এই ফিক্সড ডিপোজিট করে দিলেন একদল রাজমিস্ত্রি। মানবিকতার এই নজির মন ছুঁয়ে গেল সকলের। মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার মানবিকতায়। বেঙ্গালুরুতে কর্মরত একদল রাজমিস্ত্রির কাজ যেন আরও একবার সেই বাস্তবকে সামনে নিয়ে এল। সহকর্মীকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই তাঁরা এমন এক উদ্যোগ নিলেন যা সমাজের কাছে এক অনন্য শিক্ষারও।
 

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডোমকলের ফতেপুর গ্রামের বাসিন্দা ৩৪ বছরের সেন্টু আনসারী। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাঁর ছোট্ট সংসার। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সেন্টু। পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করে যা উপার্জন করতেন তাতেই চলত সংসারটা। কিন্তু আচমকাই তাঁর মৃত্যুতে গভীর অন্ধকার নেমে এল পরিবারে। মাথার উপর থেকে সরে যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের ছায়া। অনিশ্চিত হয়ে পড়ে স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ। আর সেন্টুর অকালে চলে যাওয়ার পর কঠিন সময়েই সামনে এল মানবিকতার এক অসাধারণ ছবি। সেন্টুর সঙ্গে বেঙ্গালুরুতে কাজ করতেন একাধিক রাজমিস্ত্রি। একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীদের মধ্যে তৈরি হয়েছিল আত্মীয়তার আবরণে এক নিবিড় সম্পর্ক। সহকর্মী সেন্টুর মৃত্যুর খবর তাঁদেরও গভীরভাবে নাড়িয়ে দেয়। তাঁরাও পরিবারের সঙ্গে সঙ্গে শোকাহত হয়ে পড়েছিলেন। কিন্তু শুধু শোক প্রকাশ করেই থেমে থাকেননি তাঁরা। সিদ্ধান্ত নেন বিপদে তাঁরা দাঁড়াবেন সিন্টুর পরিবারের পাশে।
 
মৃত সহকর্মীর পরিবারের জন্য দাস্তান আনসারী, জাহিদুল ও রকিবদের উদ্যোগে শুরু হয় অর্থ সংগ্রহ। সহকর্মীদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী টাকা জোগাড় করতে থাকেন তাঁরা। কারও কাছে হয়তো অল্প, কারও কাছে একটু বেশি, কেউ দিলেন ১০০০ তো কেউ ৫০০০, এভাবেই ধীরে ধীরে জমা হয় ১ লক্ষ ২৯৫ টাকা। সংগৃহীত টাকাগুলো নিয়ে এরপর এককালীন সাহায্য হিসেবে পরিবারের হাতে তুলে দেওয়ার পরিবর্তে তাঁরা অন্যরকম ভাবনা ভাবলেন। সেন্টুর ছোট্ট মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার নামেই ১০ বছরের জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন সহকর্মীরা। যে মানুষটি আজ আর এই পৃথিবীতে নেই, তাঁর সন্তানের আগামী দিনের স্বপ্নগুলো যাতে কিছুটা হলেও সুরক্ষিত থাকে সেই দায়িত্বের সামান্য অংশ নিজেদের কাঁধে তুলে নিলেন সিন্টুর সঙ্গে কাজে যুক্ত থাকা রাজমিস্ত্রিরা।
 
 
ভাবতে অবাক লাগে,  তাঁরা নিজেরাও শ্রমজীবী মানুষ। তবুও তাঁরাই নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে বন্ধুর মেয়ের ভবিষ্যতের জন্য এমন সঞ্চয়ের ব্যবস্থা করলেন। এই অর্থ খুব বড় অঙ্ক না হলেও একটি অসহায় পরিবারের কাছে এর মূল্য অপরিসীম। বাবাকে হারানোর শূন্যতা কোনও অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়, তা জানে সিন্টুর পরিবার। কিন্তু বড় হয়ে যখন সে জানতে পারবে, তার বাবার সহকর্মীরা নিজেদের কষ্টার্জিত অর্থ জমিয়ে তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছিলেন, তখন হয়তো সে বুঝতে পারবে বাবা শুধু রক্তের সম্পর্কের মানুষদের মধ্যেই বেঁচে থাকেননি, বেঁচে আছেন তাঁর সহকর্মীদের ভালোবাসা ও দায়িত্ববোধের মধ্যেও। বলা ভালো, সিন্টুর সহকর্মী বেঙ্গালুরুর এই রাজমিস্ত্রিরা বুঝিয়ে দিলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটা বড় মনের।
 
বাবা হারানো মেয়েটির জীবনে এই মানুষগুলো হয়ে রইলেন এক অন্যরকম অভিভাবক। এই মানুষগুলোই দেখালেন পৃথিবীতে মানবতা এখনও বেঁচে আছে। আর সেই মানবতার সবচেয়ে সুন্দর পরিচয় কখনও কখনও পাওয়া যায় সাধারণ মানুষের অসাধারণ কাজের মধ্যেই।