অভিনয় ও কণ্ঠে সমান দক্ষতা, ১৫০০-রও বেশি প্রজেক্টে কাজ! বহুমুখী প্রতিভায় নজর কাড়ছেন সোলাপুরের জায়েদ হাসান

Story by  atv | Posted by  Aparna Das • 2 h ago
জায়েদ হাসান
জায়েদ হাসান
 
মৃদ্গন্ধা দীক্ষিত

মহারাষ্ট্রের সোলাপুরের তরুণ জায়েদ হাসান যেন একাই একাধিক প্রতিভার অধিকারী। অভিনয়, মিমিক্রি, ভয়েস-ওভার, নাট্য পরিচালনা থেকে কবিতা লেখা, প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার স্বতন্ত্র ছাপ রেখে চলেছেন তিনি। কুড়ির কোঠায় পা রেখেই অর্জন করেছেন জাতীয় স্তরের স্বর্ণপদক, ১৫০০-রও বেশি ভয়েস-ওভার প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা এবং ‘সাহির’ ও ‘রশ্মিরথী’-র মতো বড় মাপের মঞ্চ-উপস্থাপনা তৈরির কৃতিত্ব। এবার তাঁর লক্ষ্য সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা অর্জন। প্রতিভা, অধ্যবসায় আর নিজস্ব পরিচিতি গড়ার অদম্য ইচ্ছাশক্তিতে কীভাবে এগিয়ে চলেছেন জায়েদ, সেই কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

জীবনের মোড় ঘোরানো অধ্যায়: পাঁচ মাস একা থাকার অভিজ্ঞতায় কীভাবে বদলে গেল এক লাজুক কিশোরের জীবন
 
ছোটবেলায় জায়েদ ছিলেন বেশ দুর্বল স্বাস্থ্যের অধিকারী। প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং বারবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হত। হাসপাতালের বিছানায় মন খারাপ করে শুয়ে থাকতেন তিনি। তাঁকে খাওয়ানো এবং মন ভালো রাখার জন্য মা সুন্দর সুন্দর গল্প শোনাতেন। সেই গল্পগুলিই তাঁর মনে কল্পনার বীজ বুনে দিয়েছিল। সপ্তম বা অষ্টম শ্রেণি পর্যন্ত জায়েদ ছিলেন অত্যন্ত অন্তর্মুখী স্বভাবের। পড়াশোনাতেও বিশেষ আগ্রহ ছিল না তাঁর। স্কুলে গণেশ উৎসবের মতো অনুষ্ঠানে তিনি বিভিন্ন মানুষের পাশাপাশি পশুপাখির কণ্ঠস্বর নকল করতেন। এর মাধ্যমেই কয়েকজন বন্ধুও জুটেছিল তাঁর।
 
জায়েদ হাসান
 
জায়েদের জীবনে বড় পরিবর্তন আসে অষ্টম শ্রেণিতে পড়ার সময়। সুজয় দাহাকে পরিচালিত ‘তুঝ্যা আইলা’ ছবিতে ‘চাঁদ’ নামে এক কিশোরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। শুটিংয়ের জন্য সোলাপুরের এই লাজুক কিশোরকে টানা পাঁচ মাস বাবা-মায়ের কাছ থেকে দূরে পুনেতে একা থাকতে হয়েছিল। তাঁর বাবা ব্যবসার কারণে যেতে পারেননি। অন্যদিকে, মায়ের ওপর ছিল দুই বোনের দেখাশোনার দায়িত্ব।
 
সাহস সঞ্চয় করে একাই থাকার সিদ্ধান্ত নেন জায়েদ। সেই পাঁচ মাস তাঁর কাছে যথেষ্ট কঠিন ছিল। তবে এই অভিজ্ঞতাই তাঁকে প্রকৃত অর্থে বিকশিত হতে সাহায্য করে। ধীরে ধীরে অন্তর্মুখী স্বভাব কাটিয়ে তিনি হয়ে ওঠেন অনেক বেশি মিশুক ও আত্মবিশ্বাসী।
 
দশম শ্রেণিতে ৫৬ শতাংশ পেয়েও থেমে যাননি: সোলাপুর বিশ্ববিদ্যালয়ের ‘গোল্ডেন বয়’ হয়ে ওঠার কাহিনি
 
ছবির শুটিংয়ের কারণে জায়েদের পড়াশোনায় বেশ প্রভাব পড়েছিল। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কোনওরকমে ৫৬ শতাংশ নম্বর পান তিনি। এতে স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছিল তাঁর পরিবার। তবে সেই সময়ও পাশে দাঁড়ান গণেশ মুদেগাঁওকর নামে এক শিক্ষক। তিনি জায়েদকে কমার্স বিভাগে ভর্তি করিয়ে দেন। তবে একটি শর্তও দিয়েছিলেন, “তোমাকে কলেজের গর্ব হয়ে উঠতে হবে!”
 
কলেজে ভর্তির প্রথম সপ্তাহেই মহারাষ্ট্র সরকারের ‘পি. এল. দেশপাণ্ডে স্ট্যান্ড-আপ কমেডি প্রতিযোগিতা’-য় অংশ নেন জায়েদ। সেখানে জেলাস্তরে প্রথম স্থান অর্জন করেন তিনি। জেতেন ২০ হাজার টাকার প্রথম বড় পুরস্কার। এরপর থেকে একের পর এক পুরস্কার জয়ের ধারা আর থামেনি। ‘এআইইউ ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’-এ একাঙ্ক নাটক ও মিমিক্রিতে জাতীয় স্তরে স্বর্ণপদক জয় করেন জায়েদ। সোলাপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম ছাত্র, যিনি একাঙ্ক নাটকে জাতীয় স্তরের স্বর্ণপদক এনে দেন। তাঁর এই কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয় তাঁকে ‘গোল্ডেন বয়’ উপাধিতে সম্মানিত করে।
 
অভিনয়ের মঞ্চে জায়েদ হাসান
 
তারকাদের নকল নয়, প্রকৃতির অনুকরণ: প্রচলিত পথ ছেড়ে নিজস্ব পরিচিতি গড়ার সাহস
 
জায়েদের বাড়িতেই ছিল শিল্প-সংস্কৃতির পরিবেশ। তাঁর বাবা একসময় নাটকে অভিনয় করতেন। পাশাপাশি তিনি সোলাপুরের প্রথম কম্পিউটারাইজড স্টুডিও তৈরি করেছিলেন। সেখানে বড় বড় শিল্পীদের যাতায়াত ছিল। তাঁদের রেকর্ডিং শুনে এবং তাঁদের কাজ পর্যবেক্ষণ করেই অনেক কিছু শিখেছিলেন জায়েদ। পরবর্তীতে সাহির নাদাফ স্যারের কাছ থেকে নাটকের জন্য আবহসংগীত তৈরি করার কৌশলও শেখেন তিনি।
 
দশম শ্রেণিতে পড়ার সময় ‘ভূমিকা’ নামে একটি নাটকের জন্য প্রথমবার একাই সংগীত পরিচালনার দায়িত্ব পান জায়েদ। প্রথমে ভয় পেয়েছিলেন তিনি। তবে সেই সময় তাঁর শিক্ষক যে মন্ত্র দিয়েছিলেন, তা আজও ভোলেননি জায়েদ। শিক্ষক বলেছিলেন, “সমুদ্রে ঝাঁপ না দিলে তুমি কখনও জানতে পারবে না সাঁতার কাটতে পারো কি না। ঝাঁপ দাও!” শিক্ষকের সেই কথাকে সঙ্গী করেই সংগীতের জগতে ঝাঁপ দেন তিনি। এখনও পর্যন্ত ২০০-রও বেশি নাট্যপ্রযোজনায় সংগীত পরিচালনা করেছেন জায়েদ।
 
মিমিক্রির ক্ষেত্রেও অন্যদের মতো শুধু দাদা কন্ডকে কিংবা নীলু ফুলের কণ্ঠস্বর নকল করেন না তিনি। কেন প্রচলিত পথ অনুসরণ না করে নিজস্ব পরিচিতি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা বোঝাতে একটি শের বা দ্বিপদী উদ্ধৃত করেন জায়েদ, “জহাঁ যাতে হ্যায় সব বহাঁ জানা আচ্ছা নেহি লাগতা, মুঝে পামাল রাসতোঁ কা সফর আচ্ছা নেহি লাগতা।”
 
অর্থাৎ, সবাই যেখানে যায়, সেখানে যেতে আমার ভালো লাগে না। বহুল ব্যবহৃত চেনা পথে হাঁটতেও আমার ভালো লাগে না। এই ভাবনাকে সঙ্গী করেই পশুপাখির ডাক, প্রকৃতির নানা শব্দ, আবহাওয়ার আওয়াজ, বিভিন্ন সাউন্ড এফেক্ট এবং বাদ্যযন্ত্রের ধ্বনি নকল করেন তিনি। নিজের কণ্ঠের এই অসাধারণ দক্ষতার জোরে এখনও পর্যন্ত ১৫০০-রও বেশি ভয়েস-ওভার প্রজেক্টে কাজ করেছেন জায়েদ। পাশাপাশি দুটি ছবিতে ডাবিংও করেছেন।
 
জায়েদ হাসান
 
লকডাউনে উর্দু শেখা থেকে ‘সাহির’ ও ‘রশ্মিরথী’-র মতো বড় মঞ্চ-উপস্থাপনা পরিচালনা
 
লকডাউনের সময় উর্দু শেখার সিদ্ধান্ত নেন জায়েদ। মীর আফজল মীর নামে এক কবির কাছ থেকে উর্দু হরফ পড়তে ও লিখতে শেখেন তিনি। সেই সূত্রেই পরিচয় হয় কবি সাহির লুধিয়ানভির লেখনীর সঙ্গে। তাঁর সাহিত্যকর্ম গভীরভাবে অধ্যয়ন করে ‘সাহিরানা শায়রি’ নামে তিন ঘণ্টার একটি অসাধারণ অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনা করেন জায়েদ। এরপর রামধারী সিং দিনকরের মহাকাব্য ‘রশ্মিরথী’-র ওপর ভিত্তি করে দু'ঘণ্টার একটি লাইভ শো তৈরি করেন তিনি। এই অনুষ্ঠানে লাইভ কত্থক নৃত্য, পাখোয়াজ, বেহালা এবং নাটকীয় উপস্থাপনার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।
 
নিজেও অসাধারণ কবিতা লেখেন জায়েদ। তাঁর হিন্দি কবিতা ‘লাহু কি পুকার’ এবং মারাঠি কবিতা ‘বা পাউসা’ রাজ্যস্তরের কবিতা সম্মেলনে প্রথম পুরস্কার জিতেছে। ১০০তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যুব কবি হিসেবেও নিজের কবিতা উপস্থাপন করেন তিনি। ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-র প্রাথমিক পর্ব এবং সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছিলেন জায়েদ। তবে মাত্র কয়েকটি নম্বরের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। যদিও এই নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই।
 
২০০২ সালের দাঙ্গায় হিন্দু প্রতিবেশীদের হাতে রক্ষা পেয়েছিল পরিবার: ধর্মের ঊর্ধ্বে মানবতাকেই নিজের ধর্ম মনে করেন জায়েদ
 
জায়েদের ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনে তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম হলেও বাবা কখনও সন্তানদের ওপর কোনও বিধিনিষেধ চাপিয়ে দেননি। জায়েদ ও তাঁর দুই বোনকে জ্ঞান প্রবোধিনীর মতো প্রগতিশীল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিলেন তিনি। সন্তানরা নিজেদের পছন্দমতো পেশা বেছে নিতে পারে, সেই স্বাধীনতাও দিয়েছিলেন। গর্বের সঙ্গে জায়েদ বলেন, “আমার বাবা আমার বন্ধু।”
 
২০০২ সালের সোলাপুর দাঙ্গার একটি ঘটনা বাবার মুখে শুনেছেন জায়েদ। সেই সময় দাঙ্গাকারীরা যখন তাঁদের স্টুডিওর দিকে এগিয়ে আসছিল, তখন আশপাশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মানবশৃঙ্খল তৈরি করে স্টুডিওটিকে ঘিরে ফেলেন। তাঁদের সেই উদ্যোগেই রক্ষা পেয়েছিল স্টুডিওটি।
 
একটি পুরস্কার গ্রহণের মুহূর্তে জায়েদ হাসান
 
এমন পরিবেশে বড় হয়ে ওঠার কারণে ধর্মের বেড়াজালে বিশ্বাস করেন না জায়েদ। সুফিবাদ, কবীর, মীরা এবং আমির খসরুর দর্শন তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। ধর্মের ঊর্ধ্বে মানবতাকে স্থান দিয়ে জায়েদ বলেন, “হম গজল ওয়ালে, মহব্বত হ্যায় হামারা মজহব, হমসে ইয়ে ধর্ম কে নাম পে খুন খারাবা নেহি দেখা যাতা।” অর্থাৎ, আমরা গজলের মানুষ, ভালোবাসাই আমাদের ধর্ম। ধর্মের নামে রক্তপাত আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়।
 
 
নিজের বিশ্বাসের কথা স্পষ্টভাবে তুলে ধরে তিনি বলেন, “একজন শিল্পীর কোনও ধর্মীয় সীমানা থাকতে পারে না।” এমনকি কোরআন প্রসঙ্গেও তাঁর বক্তব্য, “কোরআনের প্রথম আয়াত হল ‘ইকরা’। ইকরা অর্থ পড়ো। এর প্রকৃত অর্থ হল সারা বিশ্বের জ্ঞান অর্জন করা। চোখের ওপর থেকে অন্ধত্বের পর্দা সরিয়ে ফেলো।”
 
৩০ বছর বয়সের মধ্যে ছবি পরিচালনার স্বপ্ন: সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখার পাশাপাশি প্রতিভার নতুন দিগন্তের সন্ধান
 
বর্তমান অভিনয় জগতে স্বজনপোষণ ও যোগাযোগের প্রভাব তিনি খুব কাছ থেকে দেখেছেন। অনেক ক্ষেত্রেই অডিশনের পরিবর্তে পরিচিতি ও প্রভাবের ভিত্তিতে কাজ পাওয়ার প্রবণতা এবং সেই পেশার অনিশ্চয়তা তাঁকে ভাবিয়েছে। সেই কারণেই এবার মুম্বাই থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের পেশাদার কোর্স করার সিদ্ধান্ত নিয়েছেন জায়েদ।
 
নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “অভিনয়ের জগতে এখন যেন বিশাল দাবানল চলছে। আমার মনে হয়, এই দাবানলের মধ্যে যদি আমার একটি শক্তিশালী প্রযুক্তিগত দক্ষতা থাকে, তাহলে তা আমার প্রদীপের চারপাশে কাচের আবরণের মতো কাজ করবে। অর্থাৎ, যত জোরেই বাতাস বইুক না কেন, সেই আবরণ প্রদীপের আলো নিভতে দেবে না।”
 
জায়েদ হাসান
 
২৫ বছর বয়সের মধ্যে নিজের কবিতার বই প্রকাশ করা এবং ২৮-২৯ বছর বয়সের মধ্যে নিজের ছবি পরিচালনা করাই তাঁর লক্ষ্য। মহারাষ্ট্র সরকারের ‘বিঠু মাউলিচ্যা দারি’ নামে একটি অনুষ্ঠানে ১১০ জন শিল্পীকে নিয়ে পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি ‘শ্যামচি আই’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
 
বর্তমান প্রজন্ম ক্রমশ নিজেদের মনের কথা প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলছে বলে মনে করেন জায়েদ। এই উপলব্ধি থেকেই সোলাপুরে ‘থিয়েটার অ্যান্ড এক্সপ্রেসিভ আর্টস’ কর্মশালা পরিচালনা করেন তিনি। তরুণ প্রজন্মের মানসিক চাপ ও নিজেকে প্রকাশ করতে না পারার সমস্যা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আজকের প্রজন্ম নিজেদের মনের কথা প্রকাশ করাই বন্ধ করে দিয়েছে। তীব্র প্রতিযোগিতার কারণে সবাই যেন একে অপরের জেরক্স কপি হয়ে উঠছে। অথচ আমাদের শিল্প এমন একটি সুযোগ দেয়, যার মাধ্যমে আমরা রঙিন কাগজ হয়ে উঠতে পারি। তাই নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশ করা অত্যন্ত জরুরি।”
 
অভিনয়, পরিচালনা, ভয়েস-ওভার, মিমিক্রি, লেখালেখি এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং, একসঙ্গে একাধিক ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন জায়েদ হাসান। নতুন প্রজন্মের এক প্রতিশ্রুতিশীল ও বহুমুখী প্রতিভাধর শিল্পী হিসেবে ইতিমধ্যেই নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন সোলাপুরের এই তরুণ।


শেহতীয়া খবৰ