সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফের এক সদস্যকে আটক করল বিজিবি, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরানোর উদ্যোগ
সুদীপ শর্মা চৌধুরী:
বাংলাদেশের সিলেট সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে খবর, বাংলাদেশের সীমান্তের প্রায় ২০০ গজ ভিতরে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়।
জানা গিয়েছে, বিছনাকান্দি সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির ৪৮ ব্যাটালিয়নের একটি দল। সেই সময় অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে বাংলাদেশের ভূখণ্ডে দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে বিছনাকান্দি বর্ডার আউটপোস্টের (বিওপি) ক্যাম্পে রাখা হয়েছে।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, আটক বিএসএফ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ওই বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগও উঠেছে আটক বিএসএফ সদস্যের বিরুদ্ধে। তবে বিজিবির অধিনায়ক জানিয়েছেন, অভিযোগটি তিনি শুনেছেন, কিন্তু এখনও তা নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, পিটিআইয়ের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মেঘালয়ের জোয়াই এলাকার কাছে সীমান্ত পেরিয়ে এক বিএসএফ জওয়ান ভুলবশত বাংলাদেশের ভূখণ্ডে চলে গিয়েছিলেন বলে আধিকারিকদের দাবি। তাঁকে ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠক চলছে।