নেপালে বৃষ্টি-ধসের তাণ্ডব, মৃত অন্তত ২৪; নদীতে ভেঙে পড়ল পাহাড়, নিখোঁজ বহু

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 h ago
নেপালে বৃষ্টি-ধসের তাণ্ডব, মৃত অন্তত ২৪; নদীতে ভেঙে পড়ল পাহাড়, নিখোঁজ বহু
নেপালে বৃষ্টি-ধসের তাণ্ডব, মৃত অন্তত ২৪; নদীতে ভেঙে পড়ল পাহাড়, নিখোঁজ বহু
 
কাঠমাণ্ডু: 

টানা প্রবল বৃষ্টি ও একের পর এক ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশের বিভিন্ন প্রান্তে বন্যা ও ধসের জেরে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এর মধ্যেই মুস্তাং জেলার লেতে এলাকায় পাহাড়ের বড় একটি অংশ আচমকা ভেঙে কালীগণ্ডকী নদীতে তলিয়ে যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রবিবারের ওই ঘটনায় কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের বিপুল পরিমাণ মাটি ও পাথর নদীর দিকে ধেয়ে যেতে দেখা যায়। আচমকা এই ধস দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন স্থানীয়রা। চারধাম যাত্রীদের তোলা ভিডিয়োয় ধসের ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। ধসের পর কিছু সময়ের জন্য কালীগণ্ডকী নদীর জলপ্রবাহও আটকে যায় বলে জানা গিয়েছে।

গত তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে গণ্ডকী প্রদেশে দ্রুত বাড়ছিল কালীগণ্ডকী নদীর জলস্তর। শনিবার থেকে জল বাড়তে শুরু করলেও রবিবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মুস্তাং, মিয়াগদি ও স্যাংজার বিস্তীর্ণ এলাকায় বন্যা ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় রাস্তা ধসে যাওয়ায় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে। পাশাপাশি মানাং জেলার হিমলুং হিমালেও শুরু হয়েছে উদ্ধার অভিযান।

৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের নার ফু এলাকায় রবিবার তুষারধস নামে। সেই সময় বেস ক্যাম্পের একটি তাঁবুতে ন’জন পর্বতারোহী ও ১৩ জন কর্মী ছিলেন। তুষারধসে তাঁবুটি চাপা পড়ে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।