৩০ বছর পর ফের সচল ডিব্রুগড়ের জলপথ, ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে যাবে মিথানল

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
৩০ বছর পর ফের সচল ডিব্রুগড়ের জলপথ, ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে যাবে মিথানল
৩০ বছর পর ফের সচল ডিব্রুগড়ের জলপথ, ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে যাবে মিথানল
 
ডিব্রুগড়:

 অসমের ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদীপথে বাংলাদেশে মিথানল পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, কার্গো জাহাজে করে এই মিথানল প্রতিবেশী দেশে পাঠানো হবে।

অসম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের (APL) চেয়ারম্যান বিকুল ডেকার দাবি, স্বাধীনতার পর এই প্রথম ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্রের জলপথ ব্যবহার করে বাণিজ্যিক পণ্য রফতানির পথ ফের চালু হতে চলেছে।তিনি জানান, বাংলাদেশে মিথানল রফতানির জন্য রাজ্য সরকারের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের দুটি জাহাজ লিজ নিয়েছে APL।

অসম সরকারের এই সংস্থাটি মিথানল ও ফর্মালিন উৎপাদন করে। পূর্ব অসমের তেলক্ষেত্রগুলিতে থাকা বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুত কাজে লাগানোর উদ্দেশ্যেই সংস্থাটি গড়ে তোলা হয়েছিল।

শনিবার সমাজমাধ্যমে এক পোস্টে ডেকা লেখেন, ‘‘আরও একটি স্বপ্ন বাস্তবায়নের পথে। ব্রিটিশরা চলে যাওয়ার পর স্বাধীন ভারতে ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদীপথে জল পরিবহণের মাধ্যমে কোনও বাণিজ্য হয়েছে বলে জানা নেই। এই পথে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাণিজ্যের জন্য পরিবহণের কোনও নজিরের কথাও আমার জানা নেই।’’

তিনি জানান, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের দুটি জাহাজ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় সংস্থার মিথানল রফতানির লক্ষ্যে গুয়াহাটির পান্ডু ঘাটে সেগুলি মেরামত করা হয়েছে।

ডেকার কথায়, ‘‘এর ফলে ব্রহ্মপুত্র নদীপথে কম খরচে আমদানি-রফতানির একটি নতুন সুযোগ তৈরি হবে।’’APL চেয়ারম্যান আরও জানান, প্রথম জাহাজ ‘DLB Patkai’ ইতিমধ্যেই ডিব্রুগড়ের বগীবিল ঘাটে পৌঁছে গিয়েছে।

তবে কবে থেকে মিথানল রফতানি শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি তিনি।