কোলেস্টেরলের ওষুধ ‘Lerodalcibep’ নিয়ে LIB Therapeutics-এর সঙ্গে বিশ্বব্যাপী চুক্তি সান ফার্মার

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
কোলেস্টেরলের ওষুধ ‘Lerodalcibep’ নিয়ে LIB Therapeutics-এর সঙ্গে বিশ্বব্যাপী চুক্তি সান ফার্মার
কোলেস্টেরলের ওষুধ ‘Lerodalcibep’ নিয়ে LIB Therapeutics-এর সঙ্গে বিশ্বব্যাপী চুক্তি সান ফার্মার

নয়াদিল্লি:

মার্কিন সংস্থা LIB Therapeutics-এর সঙ্গে একচেটিয়া চুক্তি স্বাক্ষর করল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। এই চুক্তির আওতায় আমেরিকা ও চিন ছাড়া বিশ্বের সমস্ত বাজারে কোলেস্টেরল কমানোর ওষুধ ‘Lerodalcibep’ তৈরি, বাজারজাত এবং লাইসেন্স দেওয়ার অধিকার পেল সান ফার্মা।

‘Lerodalcibep’ মাসে একবার প্রয়োগযোগ্য একটি PCSK9 inhibitor। এটি ‘খারাপ’ কোলেস্টেরল বা লো-ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল (LDL-C) কমাতে এবং প্রাপ্তবয়স্কদের হাইপারকোলেস্টেরোলেমিয়া ও মিশ্র ডিসলিপিডেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।

PCSK9 inhibitor হল এক ধরনের আধুনিক ওষুধ, যা PCSK9 প্রোটিনকে বাধা দিয়ে রক্তে LDL বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

সংস্থার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, এই চুক্তির অধীনে LIB Therapeutics-কে অগ্রিম অর্থ এবং ভবিষ্যতের বিভিন্ন মাইলস্টোন-ভিত্তিক অর্থ দেওয়া হবে। পাশাপাশি, নির্দিষ্ট বাজারে নিট বিক্রয়ের উপর রয়্যালটিও পাবে সংস্থাটি। চুক্তির অন্যান্য শর্ত গোপন রাখা হয়েছে।

সম্প্রতি ২১ সেপ্টেম্বর ২০২৬-এ ইউরোপীয় কমিশন ‘Lerodalcibep’-কে ‘Lyrokaul’ ব্র্যান্ড নামে বাজারজাত করার অনুমোদন দিয়েছে। আমেরিকায় এটি ‘Lerochol’ নামে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর অনুমোদন পেয়েছে।

সান ফার্মার দাবি, এই চুক্তির ফলে সংস্থার Innovative Medicines পোর্টফোলিও আরও শক্তিশালী হবে। আমেরিকা ও চিনের বাইরে PCSK9-এর বাজারের মূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে ৩৮ শতাংশ হারে বাড়ছে। ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের MAT অনুযায়ী, শুধু ইউরোপের বাজারের মূল্য ছিল ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।

সান ফার্মার ম্যানেজিং ডিরেক্টর কীর্তি ডব্লিউ গণোরকর বলেন, মাসে একবার ‘Lerodalcibep’ প্রয়োগ করা যায়। এটি LDL-C কমানোর পাশাপাশি অল্প পরিমাণে ইনজেকশন এবং ছয় মাস পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণের সুবিধা দেয়। ফলে রোগীদের চিকিৎসা আরও সহজ ও সুবিধাজনক হতে পারে।

তিনি বলেন, এই চুক্তি বিশেষ করে হৃদ্‌রোগ চিকিৎসার ক্ষেত্রে সান ফার্মার বিশ্বব্যাপী Innovative Medicines পোর্টফোলিও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমেরিকা ও চিন বাদে অন্যান্য বাজারে একচেটিয়া অধিকার পাওয়ায় বিশ্বজুড়ে আরও বেশি রোগীর কাছে এই চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সংস্থার।

যেসব লাইসেন্সপ্রাপ্ত বাজারে এখনও ‘Lerodalcibep’-এর অনুমোদন পাওয়া যায়নি, সেখানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য আবেদন করার দায়িত্ব থাকবে সান ফার্মার।