অস্ট্রেলিয়ায় ঈদের নামাজে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিক্ষোভ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 14 h ago
অস্ট্রেলিয়ায় ঈদের নামাজে  প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ঈদের নামাজে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিক্ষোভ
 
সিডনি ঃ
 
 
অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনির একটি মসজিদে ঈদের নামাজকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে লক্ষ্য করে কিছু মুসল্লি প্রতিবাদ জানায়। নামাজ শেষে বক্তব্য চলাকালে একদল উপস্থিত ব্যক্তি তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন।

লাকেম্বা এলাকায় অনুষ্ঠিত ঈদের জামাতে ঘটনাটি ঘটে , সেখানে হাজারো মুসল্লির উপস্থিতি ছিল। নামাজ শেষে বক্তব্য চলাকালে কিছু ব্যক্তি “বু টনি বার্ক, বু আলবানিজ”, “গণহত্যার সমর্থক” এবং “তাদের বের করে দাও” বলে স্লোগান দেন। তবে একই সঙ্গে অনেক মুসল্লিকে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে স্বাগত জানাতেও দেখা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও মসজিদের মঞ্চে থাকা বক্তা উপস্থিত মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানান। অধিকাংশ মানুষ শান্তভাবে বসে থাকেন এবং বক্তব্য শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া হয়।

একজন বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, “আপনি তাকে সম্মানিত ব্যক্তি বলেছেন, অথচ তিনি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী।” আরেকজন বলেন, “আপনারা আর আমাদের প্রতিনিধিত্ব করেন না।”

ঘটনার বিষয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।তিনি আরও বলেন, কাউকে জোর করে সরিয়ে নেওয়া হয়নি এবং পুরো বিষয়টি কমিউনিটির মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। বক্তব্য শেষ হওয়া পর্যন্ত তিনি ও টনি বার্ক সেখানে অবস্থান করেন এবং পরে আয়োজকদের তত্ত্বাবধানে মসজিদ ত্যাগ করেন।

মসজিদটির মালিকানা প্রতিষ্ঠান লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে অটল থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক গামেল খেইর বলেন, প্রধানমন্ত্রীকে মসজিদের মতো ধর্মীয় স্থানে আমন্ত্রণ জানানো বিতর্কিত হতে পারে, তবে জনগণের ক্ষোভ ও দাবি সরাসরি সরকারের কাছে তুলে ধরার জন্য এ ধরনের সুযোগ প্রয়োজন।

তিনি বলেন, এটি কোনো প্রচারণামূলক আয়োজন ছিল না, বরং কমিউনিটির সমস্যাগুলো সরাসরি তুলে ধরার একটি সুযোগ। সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ ও বিচ্ছিন্ন বোধ করছেন, সেটিও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছরও ঈদের সময় একই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল। তখন নির্বাচনী প্রচারণার সময় একাধিক রাজনীতিবিদ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েন।