নয়া দিল্লি
ইরানের গোয়েন্দা মন্ত্রক জানিয়েছে, আমেরিকা ও ইজরাইলের হয়ে কাজ করার অভিযোগে কর্তৃপক্ষ আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৩ জনকে দক্ষিণ-পূর্ব ইরানে আটক করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রক জানায়, আটক ব্যক্তিরা দেশজুড়ে অশান্তি সৃষ্টি এবং হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল। এছাড়াও, ইরাক সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম ইরানে সক্রিয় পাঁচটি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীকেও দমন করার দাবি করেছে তারা।
এর আগে উত্তর আলবোরজ প্রদেশে শত্রুপক্ষের নেটওয়ার্কে যুদ্ধের ভিডিও পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানের আধাসামরিক বাহিনী রিভল্যুশনারি গার্ড জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও ইজরাইলের হয়ে কাজ করা মোট ১৭৮ জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য মেহর নিউজ এজেন্সিও নিশ্চিত করেছে।
আইআরজিসি আরও জানায়, ধৃতরা রেড ক্রিসেন্ট কেন্দ্র এবং বিভিন্ন চেকপয়েন্টের ছবি ও অবস্থান আমেরিকা ও ইজরাইলের গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল, যাতে ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা যায়।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, লোকেশন শনাক্তকরণ যন্ত্র, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।