ঈদের আগে মুসলিম অনাথ বাচ্চাদের খুশি তুলে দিলেন হিন্দু আইনজীবী

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 d ago
ঈদের আগে মুসলিম অনাথ বাচ্চাদের খুশি তুলে দিলেন হিন্দু আইনজীবী
ঈদের আগে মুসলিম অনাথ বাচ্চাদের খুশি তুলে দিলেন হিন্দু আইনজীবী
 
 
নূরুল হক / আগরতলা

রাত পোহালেই ঈদ উৎসব। মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের দিন। ঈদ মানে খুশি। নতুন জামা কাপড় পরে নামাজের মাঠে যাওয়া। বাড়িতে সুস্বাদু সেমাই খাওয়া এবং অভিভাবকদের পায়ে সালাম করে 'ইদি' হিসেবে টাকা উপহার পাওয়া। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক শিশু রয়েছেন যারা ভাগ্যের নির্মম পরিহাসে ঈদের আনন্দ সাধারণভাবে উদযাপন করতে পারেন না। কারণ তারা এতিম। তাদের মা-বাবা নেই।
 
ঈদের আগে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন একরাশ রাশ স্বপ্ন নিয়ে খুশির আনন্দে মেতে উঠে তখন অনাথ শিশুরা অপেক্ষায় থাকে আল্লাহর কোন সহৃদয় বান্দা (দূত) যেন তাদের সামনে ইদের খুশি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ত্রিপুরার কৈলাশহরে এবার ঈদের আগে এইভাবেই আল্লাহর দূত হিসাবে অনাথ ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এক বিশিষ্ট আইনজীবী। সেই আইনজীবীর নাম সন্দীপ দেব রায়।
 
মারকাজী এতিমখানার সদস্যরা ও আইনজীবী সন্দীপ দেব রায়
 
বাড়ি উনকোটি জেলায়। হিন্দু ধর্মের সন্দীপ দেবরায় মুসলিম অনাথ ছেলেমেয়েদের ঈদের আগে তুলে দিলেন নতুন জামা কাপড় মিষ্টি এবং অন্যান্য খাবার সামগ্রী। তিনি কৈলাসহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের কুবঝার এলাকায় অবস্থিত মারকাজী এতিমখানায় গিয়ে এতিম অর্থাৎ অনাথ বাচ্চাদের মধ্যে ঈদ সামগ্রী তুলে দেন। এই বেসরকারি মারকাজী এতিমখানায় ২০ জন মুসলিম শিশু আবাসিক অবস্থায় থেকে পড়াশোনা করে। তাদের অধিকাংশের মা-বাবা কিংবা কোন সুষ্ঠ অভিভাবক এবং পরিবার নেই। মাদ্রাসার সাহায্য সহায়তার মধ্য দিয়েই তাদের জীবন অতিবাহিত।
 
সম্প্রতি এই মারকাজী এতিমখানা পরিদর্শনে যান ঊনকোটি জেলার বরিস্ট আইনজীবী সন্দীপ দেবরায়। পরিদর্শন শেষে মারকাজী এতিমখানায় সমস্ত অনাথ শিশুদের হাতে তিনি তোলে দেন ঈদের নতুন কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র। সেসময় সন্দিপ দেবরায়ের সাথে উপস্থিত ছিলেন মারকাজী এতিমখানার সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক জুবের আহমেদ, কোষাধ্যক্ষ নাজমুল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী বাবুল আলী সহ আরও অনেকে। 
 
কৈলাসহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের কুবঝার এলাকায় অবস্থিত মারকাজী এতিমখানা
 
উল্লেখ্য, মারকাজী এতিমখানার জন্য এলাকার প্রবীণ ব্যক্তিত্ব নাজিম উদ্দিন বিগত দুই বছর পূর্বে স্বেচ্ছায় জায়গা দান করেছিলেন। এরপর থেকে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় মারকাজী এতিমখানাটি পরিচালিত হচ্ছে। ঈদ উপলক্ষে আইনজীবী সন্দীপ দেবরায় অনাথ মুসলিম শিশুদের পাশে দাঁড়ানোয় গোটা কৈলাসহরে আলোড়ন তৈরি হয়েছে। হিন্দু ব্যক্তির কাছ থেকে ঈদের উপহার পেয়ে মুসলিম অনাথ বাচ্চারা খুব খুশি রয়েছে।