বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ব্রিকস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশেষ করে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ব্রিকস দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী একইসঙ্গে প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ‘অস্ত্রীকরণ’ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এই প্রবণতা বিশ্বের অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে বাধা তৈরি করতে পারে।
ব্রিকস সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো-সহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মোদি বলেন, ভারতের সভাপতিত্বে ব্রিকসের কাজকে চারটি স্তম্ভ—‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব’-এর ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সদস্য দেশগুলির সহযোগিতায় এই অভিন্ন ভাবনাকে ‘উইন-উইন’ পরিস্থিতিতে রূপ দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সাধারণ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে, সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহামারি, জলবায়ুজনিত বিপর্যয় এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখিয়ে দিয়েছে যে পরস্পর নির্ভরশীল বর্তমান বিশ্বে কোনও সংকটই আর একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
এই পরিস্থিতিতে ব্রিকসের মধ্যে স্থিতিস্থাপকতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মোদি। একইসঙ্গে সময়মতো চ্যালেঞ্জ চিহ্নিত করা, তার জন্য প্রস্তুত থাকা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মোদি জানান, সংক্রামক রোগ প্রতিরোধ ও মোকাবিলায় একটি ব্রিকস সমন্বিত আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছে। আগাম সতর্কতা সংক্রান্ত তথ্য একীভূত করার ব্যবস্থার জন্য নির্দেশিকাও তৈরি করা হয়েছে।
ব্রিকসের লজিস্টিক ও সরবরাহ শৃঙ্খলা সহযোগিতা কাঠামো সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল করতে সাহায্য করবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, ব্রিকস ইনকিউবেটর নেটওয়ার্কের মাধ্যমে সদস্য দেশগুলির স্টার্টআপ ও ইনকিউবেটরগুলির মধ্যে সংযোগ আরও শক্তিশালী করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল সাউথের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিকসকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর দাবি, গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে ব্রিকসের প্রতি আস্থা ক্রমশ বাড়ছে।